২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের সকালে গরু ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই

রাজধানীর গাবতলী হাটে গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাজধানীতে ছিনতাইকারীদের হামলায় দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাদের কাছ থেকে গরু বিক্রির প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 12:00 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

আহত জামরুল ইসলাম (৩৫) ও লুৎফর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জামরুলের অবস্থা আশঙ্কাজনক। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসু মণ্ডলের ছেলে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই হায়দার আলী জানান, সোমবার সকাল ৯টার দিকে জামরুলসহ পাঁচজনকে এক ট্রাকচালক রাজধানীর তুরাগ থানার বালুরমাঠ এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

জামরুল ও লুৎফরের অন্য তিন সহযোগীও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এএসআই হায়দার বলেন, গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া থেকে ২২টি গরু নিয়ে গাবতলী হাটে আসেন তারা।

“গরু বিক্রির ১৫ লাখ টাকা নিয়ে সকালে কুষ্টিয়ায় যাওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় একটি ট্রাক কুষ্টিয়া যাওয়ার জন্য ডাকলে তারা তাতে উঠে পড়েন। ট্রাকটিতে আগে থেকেই ৫/৬ জন ছয় ছিল, যাদের ব্যবসায়ীরা যাত্রী ভেবেছিলেন।

“ট্রাকটি কিছু দূর যাওয়ার পর আমিনবাজারের দিকে না গিয়ে অন্যপথ ধরে। এ সময় তাদের মারধর করে সঙ্গের টাকা ছিনিয়ে নেয়। জামরুল বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে এবং তুরাগ থানার বালুরমাঠ এলাকায় তাদের ফেলে যায়।”

এই সময় মুরাদ নামে অন্য এক চালক খালি ট্রাক নিয়ে আসার সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে জানান তিনি।

জামরুলের মুখের বাঁ দিকে ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।