২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পরিচ্ছন্নতায় ১৩ হাজার কর্মী, বিশেষ স্প্রে

কোরবানির পর ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে প্রায় ১৩ হাজার কর্মীর পাশাপাশি বর্জ্যের দুর্গন্ধ দূর করতে এবছর বিশেষ ধরনের পলিব্যাগ বিতরণের পরিকল্পনা করেছে দুই সিটি কর্পোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রেজাউল হক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 03:40 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুর্গন্ধ দূর করতে ব্যাকটেরিয়ার তৈরি বিশেষ স্প্রে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে।

ঈদের দিন থেকে পরের ৪৮ ঘন্টা জুড়ে এই পরিচ্ছন্নতার কাজ চলবে বলে জানিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের দুই প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা।

ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রধান ক্যাপ্টেন বিপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবছর আমাদের নিজস্ব দুই হাজার ৭০০ কর্মীসহ প্রায় সাড়ে সাত হাজার কর্মী ঢাকাকে পরিচ্ছন্ন করবার কাজে নিয়োজিত থাকবে।

"নিজস্ব ১৭০টি যান ছাড়াও আমাদের ডাম্প ট্রাক, প্রাইম মুভার, পে লোডার, লং ট্রেইলারও নিয়োজিত থাকবে বর্জ্য অপসারণ, পরিবহন ও ডাম্পিং গ্রাউন্ডে ফেলার কাজে। এর বাইরে আমরা আরো ছয়টি ডাম্প ট্রাক ও একটি প্রাইম মুভার ভাড়া নিচ্ছি।”

তিনি জানান, এছাড়াও বরাবরের মতো রাস্তাঘাট ও ড্রেন জীবাণুমুক্ত রাখতে তারা ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক তরল ওষুধ ব্যবহার করবেন।

এর পাশাপাশি জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে উত্তর সিটি কর্পোরেশন পাঁচটি পত্রিকা ও ছয়টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নিয়েছে।  মাইকিং ও ইমামদের মাধ্যমেও জনগণকে সচেতনের পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর।   

ক্যাপ্টেন বিপন জানান, নতুন পদক্ষেপ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ‘বিশেষ পলিব্যাগ’ দেওয়া হবে যেটি সহজেই পচনশীল ও দুর্গন্ধ রোধে সহায়ক।

তিনি বলেন, "এবছর প্রথমবারের মতো আমরা বিতরণ করতে যাচ্ছি বিশেষ ধরনের বর্জ্য পলি ব্যাগ। গরুরহাটে হাসিল পরিশোধের সময় ক্রেতাকে এধরনের ব্যাগ দিয়ে দেয়া হবে।”

এদিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘আভা ডেভেলপমেন্ট সোসাইটি’কে  ব্যাকটেরিয়া দিয়ে তৈরি বিশেষ এক ধরনের স্প্রে সরবরাহ ও ব্যবহারের জন্য নিয়োগ দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন।   

আভা’র বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম আলী সুমন বলেন, “চারটি ব্যাকটেরিয়া দিয়ে তৈরি বিশেষ এই স্প্রে ময়লা রাখার স্থানে দেয়ার পাঁচ সেকেন্ডের মধ্যে এর অনুজীবগুলো র্দুগন্ধ সৃষ্টিকারী অনুজীবকে মেরে ফেলে তা দুর্গন্ধ দূর করে।

"এটি তৈরি হয়েছে  থাইল্যান্ডে। একটি মালয়েশিয় কোম্পানির সহায়তায় আমরা বাংলাদেশে এটি ব্যবহার করছি। আমরা ডিসিসি উত্তরের বিভিন্ন জায়গায় দুইটি ট্রাকে করে অটোমেশিনের মাধ্যমে এই অনুজীব স্প্রে করব।"

Image
ফাইল ছবি

ফাইল ছবি

"সম্পূর্ণ নিজস্ব খরচে ২৬ জন কর্মীর মাধ্যমে আমরা কাজটি করছি। আমরা বিভিন্ন জায়গায় আমাদের ফোন নম্বর সম্বলিত লিফলেট বিলি করছি । নগরবাসী দরকারে আমাদের ফোন করলেই আমরা পৌঁছে যাব," বলেন তিনি।

প্রায় একই ধরনের কর্মযজ্ঞের কথা বলেছেন দক্ষিণের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ডিসিসি দক্ষিণের নিজস্ব পাঁচ হাজার কর্মী ছাড়াও প্রতি ওয়ার্ডে ১২ জন কর্মী নিয়োজিত থাকবেন বর্জ্য অপসারণ ও ঢাকাকে পরিষ্কার রাখার কাজে।

"এজন্য ব্যবহার করা হবে ১২৬ টি খোলা ট্রাক, ৭৩টি কনটেইনার এবং ১৬টি কমপ্যাক্টর। আর সেনাবাহিনী, নৌবাহিনী, ওরিয়ন এবং তমা গ্রুপ থেকে একটি করে পে লোডার নেয়া হবে।"

এছাড়া সেনাবাহিনী থেকে একটি ওয়াটার বাউজার এবং তমা গ্রুপ থেকে চারটি ও দশটি ডাম্প ট্রাক নেয়ার কথাও জানান রকিব উদ্দিন।

দক্ষিণ সিটি কর্পোরেশনেও ২৫ হাজার বিশেষ বর্জ্য পলি ব্যাগ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে রকিব উদ্দিন বলেন, "গরুর হাট ছাড়াও বড় আবাসিক কোয়ার্টার এবং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বিতরণ করা হবে এই বিশেষ বর্জ্য পলি ব্যাগ।"

তারা এসএমএসের মাধ্যমে ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে জনগণকে সচেতন করবে বলেও জানান এই কর্মকর্তা।