চট্টগ্রামে সন্ধ্যার মধ্যেই পশুর বর্জ্য সরানোর পরিকল্পনা
ঈদের দিনে সন্ধ্যার মধ্যেই বন্দর নগরীর সব এলাকা থেকে পশুর বর্জ্য পুরোপুরি অপসারণের পরিকল্পনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
আর এর জন্য করপোরেশনের প্রায় তিন হাজার শ্রমিক সোমবার সকাল ১০টা থেকে নগরীতে কাজ করবেন বলে জানিয়েছেন সিসিসি’র প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদের দিন সন্ধ্যা ৭টার মধ্যে নগরীর বিভিন্ন অলিগলি থেকে কোরবানির পশুর বর্জ্য পুরোপুরি অপসারণে সিটি করপোরেশন কাজ করবে।”
“কোরবানির দিন নগরী থেকে পশুর নাড়িভুঁড়িসহ বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।”
শফিকুল মন্নান সিদ্দিকী জানান, সিটি মেয়রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোরবানির পশুর বর্জ্য নিষ্কাশনের জন্য নগরীকে চারটি অঞ্চলে ভাগ করে তা তদারকির জন্য চারজন ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রীয়ভাবে সিসিসি’র পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে।
তিনি বলেন, “সোমবার সন্ধ্যার মধ্যেই পশুর বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে আশা করছি। এরপরও নগরীর কোথাও বর্জ্য থেকে গেলে তা নিয়ন্ত্রণ কক্ষে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
করপোরেশন থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ঈদের দিন সকাল থেকে ভাড়া করা ও নিজেদের মিলিয়ে দেড়শ’ ট্রাক বর্জ্য নিষ্কাশনের কাজে নিয়োজিত থাকবে।
এর বাইরে ১০টি কন্টেইনার মুভার, ১৫টি ট্রলি গাড়ি, ৫০টি ভ্যানগাড়ি সার্বক্ষণিকভাবে বর্জ্য অপসারণে কাজ করে যাবে।
পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল বলেন, “বর্জ্য অপসারণের পাশাপাশি নগরীর যে এলাকায় পশু কোরাবনি হবে সেখানে ব্লিচিং পাউডারও ছিটানো হবে।”
