সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৪
আলাদা আলাদা দুর্র্ঘটনায় নাটোর, মুন্সীগঞ্জ ও ময়মনসিংহে চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
নাটোরে শনিবার দুইটি আলাদা দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত এবং পাঁচজন আহত হন।
বড়াইগ্রাম উপজেলার গুরুমশৈল গ্রামে দুপুরে ভটভটির চাকায় ওড়না জড়িয়ে যাওয়ায় গলায় ফাঁস লেগে রহিমা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।
রহিমা গুরুমশৈল গ্রামের মৃত হাসান আলীর মেয়ে এবং বনপাড়া মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
"মুহূর্তেই সে অচেতন হয়ে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।"
ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এ ব্যাপারে দুপুর আড়াইটা পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে সকালে বড়াইগ্রাম উপজেলারই খেজুরতলা এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক অটোরিকশার ওপর উঠে পড়ায় এক অটোরিকশাযাত্রী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
নিহত মহরম আলী (৪৫) বড়াইগ্রামের কেচুয়া খেজুরতলা গ্রামের মহম্মদ আলীর পুত্র।
বনপাড়া থানার ওসি ফুয়াদ রুহানী জানান, সকাল সাড়ে ১০টায় ছয়জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা নাটোর-ঢাকা মহাসড়ক হয়ে বড়াইগ্রামের বনপাড়া থেকে আহম্মদপুর যাচ্ছিল। অটোরিকশাটি খেজুরতলা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে একটি ট্রাক তার ওপর উঠে পড়ে।
এতে ঘটনাস্থলেই মহরম নিহত এবং অপর পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ময়মনসিংহে নিহত ১, আহত ২
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় দুপুরে বাসচাপায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
নিহত নূরুল আমিনের আনুমানিক বয়স ৪০ বছর বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হালুয়াঘাট ওসি জাকিউর রহমান জানান, বাসটার্মিনালে প্রবেশের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর বাসটি তুলে দিলে ঘটনাস্থলেই নূরুল মারা যান।
এতে হালুয়াঘাট সদরের নবী হোসেন (৪৫) ও পত্রিকা হকার বোরহান উদ্দিন (৪০) আহত হন।
গুরুতর আহত পত্রিকার হকার বোরহান উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়ে ওসি জাকিউর রহমান বলেন, "বাসটিকে আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে।"
মুন্সীগঞ্জে নিহত ১, আহত ৩
বিকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া মেঘনা-গোমতী সেতুর ঢালে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি যাত্রী নিহত এবং অপর ৩ জন আহত হন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
গজারিয়া হাইওয়ে পুলিশের এসআই আশরাফ উদ্দিন বলেন, "এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের কাছে একটি মোবাইল পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে খবর দেয়া হয়েছে।
"নিহতের বাড়ি মতলব হতে পারে। লাশটি ভবের চর পুলিশ ফাঁড়িতে রাখা আছে।"
সিএনজি অটোরিকশাটি পুলিশের হেফাজতে থাকলেও বাসসহ চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই আশরাফ।
