২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জ শহরে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 07:26 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

শনিবার সকালে শহরের গার্লস স্কুল রোডে নিজ দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মহাদেব দে (৪৫)  ওই খাবারের দোকানের মালিক। তিনি শহরের পূর্ব দাশড়া এলাকার গৌর দের ছেলে।

মহাদেবের পরিবারের অভিযোগ একই এলাকার সঞ্জয় ঘোষের (৩০) কাছে পাওনা টাকা চাওয়ায় মারধর করা ক্ষোভ ও অভিমানে আত্মহত্যা করেছেন তিনি।

এ ঘটনায় সঞ্জয়ের বাবা সোনা ঘোষকে আটক করেছে পুলিশ। 

নিহতের ছেলে শিশির কুমার দে অভিযোগ করেন, সঞ্জয় মাঝে মাঝে তাদের ফাস্টফুডের দোকানে খাবার খেয়ে কোনো বিল দিতেন না। বিল চাইলে উল্টো আরো চাঁদা দাবি করতেন। পূজা উপলক্ষে পূব দাশড়া এলাকার কালীখোলা পূজা মণ্ডপের পাশে তার বাবা চটপটির দোকান দেন।

“শুক্রবার সন্ধ্যায় সঞ্জয় দোকানে চটপটি খায়। টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করে সঞ্জয়। বিষয়টি বাবা রাজনৈতিক দলের নেতা ও স্থানীয়দের কাছে বিচার দলে সঞ্জয় ক্ষিপ্ত হয়ে বাবাকে আবার মারধর করে।”

শিশির বলেন, এরপর থেকে বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টার দিকে দোকানে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

পুলিশ এসে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, ঘটনার পর থেকে সঞ্জয় পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে সঞ্জয় ও তার কয়েকজন সহযোগীকে আসামি করে থানায় মামলা করেছেন।

এ ঘটনায় সঞ্জয়ের বাবা সোনা ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।