কাপাসিয়ায় খাটের নিচে গৃহবধূর লাশ, স্বামী আটক
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিজঘরের খাটের নিচ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাজমুন নাহার (২৪) উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের কুয়েত প্রবাসী জালাল উদ্দিনের স্ত্রী।
শনিবার সকাল সাড়ে ৯টায় তাদের ঘর থেকে লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য জালালকে আটক করেছে পুলিশ।
কাপাসিয়া থানার এসআই মাহমুদ মঈন জানান, ২০১০ সালে পারিবারিকভাবে নামজুন নাহার ও জালাল উদ্দিনের বিয়ে হয়। তাদের আড়াই বছর বয়সী একটি ছেলে রয়েছে।
জালাকে উদ্ধৃত করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে ঘুম থেকে জেগে স্ত্রীকে না পেয়ে ঘরের দরজা খুলে তাকে খোঁজ করেন জালাল। পরে প্রতিবেশীরা এসে বসতঘরের খাটের নিচে নাজমুন নাহারের লাশ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
নাজমুন নাহারের বাবা নূরুল ইসলাম অভিযোগ করেন, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তার মেয়েকে হত্যার পর লাশ গুমের চেষ্টা চালায় জালাল।
