শিবচরে বাসচাপায় নিহত ৫
মাদারীপুরের শিবচরে মহাসড়কে বাসের চাপায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। নিহতদের মধ্যে তিনজন কলেজশিক্ষার্থী এবং বাকিদের মধ্যে একজন নারী ও একটি শিশু।
ঈদের দুদিন আগে শনিবার সকালে এই দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে হাসপাতালে আরো তিনজন মারা যান বলে পুলিশ জানিয়েছে।
সকাল সাড়ে ১০টায় শিবচরের বন্দরখোলা ইউনিয়নের সন্নাসীর চর এলাকায় এই দুর্ঘটনার পর স্থানীয়রা অন্তত ১০টি বাস ভাংচুর এবং সড়ক অবরোধ করে।
এতে ঢাকা থেকে বাগেরহাট হয়ে খুলনা যাওয়ার ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে দুপুর ১টায় যান চলাচল পুনরায় শুরু হয়েছে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার এবি সিদ্দিক সাংবাদিকদের বলেন, কাওড়াকান্দি ঘাট থেকে বরিশালগামী যাত্রীবাহী রূপসী পরিবহনের একটি বাস একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়ে বাকি তিনজনের।
নিহতরা সবাই সন্নাসীরচর গ্রামের বাসিন্দা বলে শিবচর থানার ওসি বেলায়েত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
নিহতরা হলেন- ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের শিক্ষার্থী রেহানা আক্তার, হালিমা আক্তার ও ইমরান, পূর্ব সন্নাসীর চর গ্রামের দুলাল মিস্ত্রির স্ত্রী আরজু বেগম (৩৫) এবং বাদশা মাদবরের এক বছর বয়সী ছেলে শাকিল মাদবর।
শাকিলের মা শিল্পী বেগমকে (৩০) আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়ে ভাংচুর চালায়। এই সময় ১০টি বাস ভাংচুর হয় বলে প্রত্যক্ষতর্শীরা জানিয়েছে।
সড়ক অবরোধের কারণে কাওড়াকান্দি থেকে দক্ষিণাঞ্চলের দিকে যান চলাচল বন্ধ যায়। ঈদের ব্যস্ত এই সময়ে মহাসড়কে ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরের পাচ্চর পর্যন্ত যানজট তৈরি হয়।
পুলিশ অবরোধকারীদের তুলে দিলে বেলা ১টায় যান চলাচল পুনরায় শুরু হয় বলে সহকারী পুলিশ সুপার এবি সিদ্দিক জানান।
