মুন্সীগঞ্জে যুবলীগ কর্মীকে ডেকে নিয়ে গুলি
মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে এক যুবলীগ কর্মীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করার অভিযোগ পাওয়া গেছে।
অঙ্কন (২৮) নামের ওই যুবককে শুক্রবার রাতে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি স্থানীয় যুবলীগের একজন কর্মী বলে সদর থানা পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ অঙ্কনকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলেও সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, “তার কোমরের নিচে গুলি লেগেছে। জরুরি অস্ত্রোপচার প্রয়োজন।”
এদিকে গুলির ঘটনার পর জেলা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদর থানার ওসি আবুল খায়ের ফকির বলেন, “কী কারণে অঙ্কনকে গুলি করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
