নাটোরে বাস উল্টে নিহত ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন । আহত হয়েছেন অন্তত ২০যাত্রী ।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাথুরিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
তবে পুলিশ তাৎক্ষনিকভাবে নিহত কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে রাজশাহীগামী একটি রিজার্ভ বাস রাথুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় । এতে ঘটনাস্থলেই ছয় মাসের এক শিশুসহ দুই পুরুষ যাত্রী নিহত হন।
"নিহত দুই পুরুষযাত্রীর একজনের আনুমানিক বয়স ৩৬ এবং আরেকজনের ৪২ বছর। এছাড়া এতে আহত হয়েছেন আরও ২০ যাত্রী। "
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ, নাটোর সদর ও বড়াইগ্রাম হাসপাতাল এবং বনপাড়ায় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রুহানী।
