কাদেরের চোখে ঘুম নেই
মহাসড়কে যানবাহনের ধীরগতির জন্য এবারের ঈদযাত্রাকে ‘চ্যালেঞ্জিং’ অভিহিত করে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বললেন, সার্বিক পরিস্থিতির কারণে তিনি বৃহস্পতিবার রাতে ঘুমাতে পারেননি।
মন্ত্রীর দাবি, বিভিন্ন স্থানে কোরবানির পশুবাহী ফিটনেসবিহীন ট্রাক বিকল হওয়ায় এবং সব জায়গায় যথেষ্ট পুলিশ মোতায়েন করা সম্ভব না হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।
কোন সড়ক ‘খারাপ অবস্থায় নেই’ বলেও দাবি করেছেন কাদের।
বড় দুটো ধর্মীয় উৎসবের ছুটির শুরুতেই যানবাহনের তীব্র চাপে শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও মাওয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এরই মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমার কাছে পরিস্থিতিটা চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং এ কারণে যে পশুবাহী গাড়িগুলো এতো স্লো মুভিং… কিছু কিছু জায়গায় এনফোর্সমেন্টের প্রবলেমও হচ্ছে; বিকজ পুলিশ তো যথাসাধ্য চেষ্টা করছে কিন্তু তাদের একটি অংশ পূজার নিরাপত্তায় ব্যস্ত।”
মন্ত্রী বলেন, ঈদের আগে সব পোশাক কারখানায় তিন ধাপে ছুটি দেয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে সড়কে চাপ বেড়েছে। ঢাকা-টাঙ্গাইল সড়কে সমস্যা সৃষ্টি হয়েছে এ কারণেই।
“যানজটে সড়ক স্থির হয়ে ছিল। গত রাতে বাইপাইল থেকে মির্জাপুর তিনঘণ্টা আটকে ছিল। আমি রাতে ঘুমাতে পারিনি। সেই রোডে দুটি এক্সিডেন্ট হয়েছে, এক্সিডেন্টে একজন ড্রাইভারও মারা গেছে।”
কাদের বলেন, “রাস্তা এখন কোথাও ব্যাড শেইপে নেই। বিশেষ করে যে জয়দেবপুর-ময়মনসিংহ এবার সবচেয়ে বেশি সমালোচনায় এসেছিল, সেটা এখন একেবারে ইউজেবল এবং পাসেবল। গরুর ট্রাকের জন্য কোথাও কোথাও ভেহিকল মুভমেন্ট কিছুটা স্লো আছে, কিন্তু স্থির হয়ে যায়নি।”
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বা খুলনা, সিলেটে এখন পর্যন্ত কোনো যানজট নেই বলেও তিনি দাবি করেন।
“বাইপাইল থেকে, মির্জাপুর থেকে কিছুটা স্লোলি চলছে, আদারওয়াইজ পরিস্থিতি নরমাল।”
যানজটের কারণে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “পরিবার পরিজন নিয়ে যারা কষ্ট করেছে, নারী শিশুর কান্না আমি শুনেছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “বাস মালিকরা একটা যুক্তি দিচ্ছে আসার সময় গাড়িগুলো খালি আসে। তারপরও তারা আমার কাছে অঙ্গীকারাবদ্ধ, তারা ভাড়া বাড়াবে না। এটাই কথা ছিল। মালিক-শ্রমিকদের অনুরোধ করব, প্লিজ অতিরিক্ত ভাড়া আজ আর কাল নেবেন না।”
মালিক-সমিতির সঙ্গে পরবর্তী বৈঠকে এসব অভিযোগ নিয়ে আলোচনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনেক ঘটনায় সরকারি কর্মকর্তাদের তাৎক্ষণিক শাস্তি দিতে দেখা গেলেও বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মন্ত্রী কেন তেমন কোনো পদক্ষেপ নেননি জানতে চাইলে কাদের বলেন, “আমি ম্যাজিস্ট্রেট না, এখানে কোনো ম্যাজেস্ট্রিট থাকলে বলতে পারতাম তুমি এটা করো। আমি এখন শাস্তি দিলে আপনারাই বলবেন- মন্ত্রী নিজের হাতে আইন তুলে নিচ্ছে।”
বিভিন্ন স্থানে মন্ত্রীর এই পরিদর্শন কতোটা সুফল আনছে জানতে চাইলে তিনি বলেন, “এটার নিউজ ভ্যালু না থাকলে আপনি আসতেন না। মন্ত্রী যেখানে স্বীকার করছে কোথায় কোথায় সমস্যা… আমি বলিনি ভেরি গুড শেইপ, তবে রাস্তার জন্য যানজট হচ্ছে না; স্লো মুভিংয়ের জন্য যানজট হচ্ছে।”
তবে এতে পুরোপুরি সন্তুষ্ট নন জানিয়ে কাদের বলেন, মানুষকে ‘আরো স্বস্তি’ দিতে পারলে তার ভালো লাগত।
তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায়সহ অন্যান্য অভিযোগ নিতে ২৪ ঘণ্টার একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ০১৯৬৬৬২২০১৯ ও ৯১১৩১৩৩ নম্বরে যোগাযোগ করে যাত্রীরা অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
