২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার শুভেচ্ছা নিয়ে পূজামণ্ডপে ফখরুল

বাংলাদেশকে অসাম্প্রদায়িক হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ শান্তিময় গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2014, 08:40 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর দিন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করতে গিয়ে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের কাছে  দলের চেয়ারপারসন খালেদা জিয়া  দুর্গোৎসবের শুভেচ্ছা পৌঁছে দিতেই তার মন্দির পরিদর্শন বলে জানান ফখরুল।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিকাল সাড়ে ৪টায় মন্দির প্রাঙ্গণে পৌঁছার পর ফখরুলকে স্বাগত জানান বাংলাদেশ সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল দেবনাথ, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিক প্রমুখ।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পূজায় আসা হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

এ সময়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুণ্ডুসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, “শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়সহ সবার সার্বজনীন উৎসব। সব সম্প্রদায়ের মানুষই এ উৎসবে যোগ দেন।

“এদেশের মানুষ একটি শান্তিময় গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। আমরা যাতে ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারি- আজ দেবী দুর্গার কাছে আমাদের সবার এটাই প্রার্থনা হোক।”

বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস বাসাবো বালুর মাঠ, কদমতলী, দক্ষিণগাঁও এবং রাজারবাগ কালি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।