বিরোধ মীমাংসায় গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
রাজধানীর মাদারটেকে পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
ঘটনায় ‘জড়িত’ দুইজনকে আটক করেছে সবুজবাগ থানা পুলিশ।
তারা হলেন, কাজল আক্তার (২৭) ও মো. মাসুদ খান (৫৩)।
সবুজবাগ থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে তাদের দুই জনকে আটক করা হয়েছে। তারা সম্পর্কে বাবা ও মেয়ে।
শুক্রবার রাত ১১টার দিকে কাজল ও তার স্বামী সেলিমের পারিবারিক বিরোধ মীমাংসা করতে গেলে ২১/২ উত্তর মাদারটেকের ইটবালুর ব্যবসায়ী জায়েদ আলীকে (৩৫) পেটে ছুরি মারেন সেলিম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই মারা যান জায়েদ আলী।
এ ঘটনায় তার বড় ভাই আফাজ উদ্দিন রাতেই সবুজবাগ থানায় এসে একটি হত্যা মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন, মো. সেলিম, কাজল আক্তার, কাজলের মা আফরোজা বেগম ও তার স্বামী মো. মাসুদ খান।
নিহতের ভাতিজা মো. মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেলিম মাদকাসক্ত ছিল। প্রায় প্রতিদিনই তার স্ত্রীকে মারধর করতো সে। শুক্রবার রাতে চাচা ভাত খেতে বসলে কাজল কাঁদতে কাঁদলে চাচাকে তার বাসায় যেতে বলেন। চাচা সেখানে গেলে তার পেটে ছুরিকাঘাত করে সেলিম।”
এ ঘটনার পর থেকে সেলিম ও কাজলের মা আফরোজা বেগম পলাতক রয়েছেন।
