২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ পথে মালয়েশিয়া: ১৭ জন উদ্ধার, আটক ২

চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দার পুকুর পাড় এলাকা থেকে অবৈধ পথে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার জন্য আনা ১৭ জনকে উদ্ধারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।   

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 01:48 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. সোহেল মাহমুদ জানান, শুক্রবার রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুই পাচারকারী হলেন- হুমায়ন কবির (২৭) ও তসলিম উদ্দিন প্রকাশ এমরান (২৮)। 

এদের মধ্যে ‍হুমায়ন বহদ্দারহাটের ‘হোটেল আল শাকেরা’ নামে একটি আবাসিক হোটেলে থাকতেন, তার গ্রামের বাড়ি কক্সবাজারের রামুতে।

তসলিম বহদ্দারহাটের চেয়ারমেনঘাটা এলাকার অস্থায়ী বাসিন্দা। তার গ্রামের বাড়ি বগুড়ার কাহালু থানার মাগুড়া মধ্যপাড়ায়।

এএসপি সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পাচারকারী দলের সদস্য। এই চক্রে আরও সদস্য আছে।

“মালয়েশিয়াগামীদের সেখানে জড়ো করে কক্সাবাজার ও টেকনাফ হয়ে সমুদ্র পথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের।”

চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ জানান, গ্রেপ্তার দুজনসহ উদ্ধারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

উদ্ধারকৃতরা হলেন- আব্দুল ওয়াহেদ মিয়া (৬৭), মো. মিলন (২৫), মো. সেলিম (৩০), হাসান আলী (২৮), মো. আহম্মদ আলী (২০), আবু হাসান (১৯), নওশের আলী (২৮), আবদুল মোতালেব (২৫), জালাল উদ্দিন (২৫), মির ইকবাল (২৬), রমজান আলী (৩৫), মো. রফিক (৪০), মো. শাহিদন (৩৫), মো. ওয়াসিম (২৭), মামুন মিয়া (২০), সাগর মিয়া (২৩) ও হিরন মিয়া (১৭)।

তাদের বাড়ি সিরাজগঞ্জ, যশোর ও নরসিংদী জেলার বিভিন্ন এলাকায়।