২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শালবন বিহারে মজীনা

কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ কোটবাড়ির শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 10:25 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মজীনা তার সফর সঙ্গীসহ শালবন বিহার এলাকায় পৌঁছেন।

এদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় মজীনার পাঁচ দিনের সফরসূচির কথা জানানো হয়।

জেলাগুলো হলো কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর।

গত ২৩ সেপ্টেম্বর থেকে তিনি এসব জেলায় সফর করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সন্ধ্যায় ময়নামতি পৌঁছলে তাদের অভ্যর্থনা জানান কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলামুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আলী আশরাফ, প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক মো. মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ।

পরে তিনি সফর সঙ্গীদের নিয়ে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মজীনার স্ত্রী মিসেস্ গ্রেস মজীনা, ইউএস-এআইডির মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুজেলস্কি প্রমুখ।

প্রায় ঘণ্টাব্যাপী শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি চলে যান কুমিল্লা সার্কিট হাউসে।

সেখানে মজীনা জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।