বৃষ্টির জন্য সড়ক বেহাল: ওবায়দুল কাদের
সড়কের খারাপ অবস্থার জন্য বৃষ্টিকে দায়ী করে ঈদের আগে সড়ক সংস্কারের নির্দেশ দিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার আশুলিয়ার বাইপাইল মহাসড়ক পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে সড়ক সংস্কার কাজও চলছে। বৃষ্টির কারণে যথাসময়ে সড়কের সংস্কার কাজ শেষ না হওয়ায় এ বেহাল দশা।
তিনি বলেন, ঈদ ও পূজায় ঘরমুখো যাত্রীদের যাতে দুর্ভোগে পড়তে না হয় তা নিশ্চিত করতে বৃষ্টির মধ্যেই সংস্কার কাজ শেষ করতে নির্দেশ দেয়া হয়েছে।
সড়ক ও মহাসড়কগুলোতে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অমূলক নয় স্বীকার করে এসবের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানান তিনি।
পরে মন্ত্রী বাইপাইল এলাকায় নতুন স্থাপিত সিসিটিভির সার্ভার রুম পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
