লুটের ভাগ নিয়ে দ্বন্দ্বে কেরানীগঞ্জে ৪ খুন: পুলিশ
লুটের মালের ভাগ নিয়ে দ্বন্দ্ব আর পরকীয়ার জেরে ডাকাত দলের সদস্যদের নিজেদের কোন্দলেই দক্ষিণ কেরানীগঞ্জে এক পরিবারের চার সদস্যকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
ওই ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তারের পর শুক্রবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এ কাথা জানান।
তিনি বলেন, “গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। নিহত সাজুও সেই দলে ছিলেন। নবাবগঞ্জে একটি বাসায় তারা একইসঙ্গে ডাকাতি করেছিলেন।
“মূলত লুট করা সম্পদের ভাগ-বাটোয়ারা নিয়েই এ হত্যাকাণ্ড ঘটেছে।
বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকার ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে একই পরিবারের চারজনের হাত-পা চোখ বাঁধা লাশ পাওয়া যায়।
ওই বাড়ির তত্ত্বাবধায়ক সোহেল এবং বাসা ভাড়া নিতে সহযোগিতা করা আক্কাসকে জিজ্ঞাসাবাদ করে এবং ওই বাসায় পাওয়া ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও কয়েকশ ভিজিটিং কার্ডের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে এক দিন পর নিহতদের পরিচয় জানতে পারে পুলিশ।
নিহতরা হলেন- সাজু আহমেদ (৩৫), তার স্ত্রী রাজিয়া বেগম (২৬), তাদের ছেলে ইমরান (৫) ও মেয়ে সানজিদা (৩)। তাদের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জের টেপ্রিগঞ্জ ইউনিয়নের গাজকাটি গ্রামে।
এরপর বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুর, মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি মোনালিসা ও এএসপি কাজী মাকসুদা লিমা।
গ্রেপ্তার সাতজন হলেন- রানি বেগম, মুক্তা বেগম, শাহিদা বেগম, রফিক, আবদুল মজিদ, সুমন ও জনি।
এদের মধ্যে গাজীপুরের মির্জাপুর বাজার থেকে সুমন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর কাঁঠালবাড়ি এলাকা থেকে জনি ও মজিদ এবং দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার আবদুল্লাহপুর ও হাসনাবাদ থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে হাবিবুর রহমান বলেন, “গ্রেপ্তার রফিকের স্ত্রীর ও জনির স্ত্রীর সঙ্গে সাজুর অবৈধ সম্পর্ক ছিল বলে আমরা জানতে পেরেছি। এটাও হত্যাকাণ্ডের কারণ হয়ে থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ সুপার জানান, রফিক ও সুমন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়। তাদের পালিয়ে থাকতে সহায়তা করে গ্রেপ্তার তিন নারী। তারা পুলিশের গতিবিধির ওপরও নজর রাখছিল।
ঢাকার অ্যাডিশনাল এসপি মোনালিসা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপরাধ সংগঠনের পর অপরাধীকে খুঁজে বের করতে ভিকটিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনুসন্ধান জরুরি। আমরা ঠিক তা-ই করেছি।”
তিনি জানান, সাজু এক সময় ঢাকার বিভিন্ন এলাকায় রিকশা চালাতেন। পরে ট্রাকের হেলপারের কাজ করেন কিছুদিন। তিন বছর আগে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ট্রাক চালাতে শুরু করেন। ওই লাইসেন্সও তার বাসায় পাওয়া যায়।
“এক সময় বেশি টাকার লোভে মাদক বিক্রি এবং ডাকাত দলের সক্রিয় সদস্য হিসাবে সে কাজ শুরু করে। মূলত এটাই তার জীবননাশের কারণ হয়ে দাঁড়ায়।”
এএসপি কাজী মাকসুদা লিমা জানান, পুলিশ সাজুর বাসায় কিছু ছেঁড়া ভিজিটিং কার্ড পায়। সেগুলো জোড়া লগিয়ে পাওয়া শতাধিক নম্বরে ফোন করে অনুসন্ধান চালানো হয়।
“এছাড়া ওই বাসায় একটি ড্রাইভিং লাইসেন্স ও একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও পাওয়া যায়। সেগুলোর মালিককে চেনে কি না তা ভিজিটিং কার্ডের মালিকদের ফোন করে জানতে চাওয়া হয়। এভাবে তদন্ত চালিয়েই সাজুর পরিবারের পরিচয় বেরিয়ে আসে।”
সাজুর বড় ভাই বশির উদ্দিন বৃহস্পতিবার রাতে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে নিহতদের লাশ সনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে লাশগুলো বুঝে নেন তিনি।
এই হত্যার ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলাও তিনি দায়ের করেছেন।
