সাতক্ষীরায় সোনাসহ লাখ টাকা লুট, আহত ৩
সাতক্ষীরার পাটকেলঘাটায় এক বাড়িতে ঢুকে সোনা ও নগদ অর্থসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে পাটকেলঘাটা থানার খলিষখালি গ্রামে এই ঘটনার সময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- গৃহকর্তা মাজহারুল ইসলাম (৪০), তার ভাই বাহারুল ইসলাম (৩৭) ও ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদা বেগম (৩৫)। তাদের সকলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাজহারুল সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ২টার সময় ১৪/১৫ জনের একদল ডাকাত তাদের বাড়ির মেইন গেট ও ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
পাটকেলঘাটা থানার ওসি মামুন অর রশিদ সাংবাদিকদের জানান, ঘটনা শোনার পর তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
