২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-পূজা সামলাতে চট্টগ্রামে ট্রেনের ছুটি বাতিল

ঈদ ও পূজায় বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত রেলওয়ে পূর্বাঞ্চলে ৩৭টি আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 01:15 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শুক্রবার সকালে চট্টগ্রাম রেল স্টেশনে ঈদ-পূজার অগ্রিম টিকিট বিক্রি দেখতে এসে এসিদ্ধান্তের কথা জানান পূর্ব রেলের মহাব্যবস্থাপক (জিএম) মো. মোজাম্মেল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এর ফলে ৫০ থেকে ৬০ হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন সম্ভব হবে। পাশাপাশি বিশেষ ট্রেন চালু, বাড়তি ৭২টি কোচ সংযোজন এবং কর্মকর্তা-কর্মচারীদের সব ধরণের ছুটি বাতিলের সিদ্ধান্তও নেয়া হয়েছে।”

শুক্রবার অগ্রিম টিকিট বিক্রির শুরুর দিনে ১ অক্টোবরের জন্য চট্টগ্রাম স্টেশনে টিকিটের চাহিদা ছিল কম। কিছুটা ধীর গতিতে টিকিট বিক্রি চললেও চাহিদা কম থাকায় লাইনে থাকা সব যাত্রী টিকিট পেয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে অপেক্ষমান যাত্রীর সংখ্যা ছিল মাত্র ৫০ জনের মত। ভোর থেকেই স্টেশনের লাইনে দাঁড়ান টিকিট প্রত্যাশীরা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অগ্রিম টিকিট ক্রেতা সাকিব বলেন, দুঘণ্টা অপেক্ষা করে টিকিট পেয়েছি। একটু ধীরে হলেও সব তথ্য যাচাই করে টিকিট দেয়া হচ্ছে।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, প্রতিদিন আটটি আন্তঃনগর ট্রেনের তিন হাজার ৭৩৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে কোনোদিনের টিকিট অবিক্রিত থাকলে কাউন্টারে থাকাসাপেক্ষে পরবর্তীতেও বিক্রি করা হবে।

চট্টগ্রাম স্টেশনে ২৭ সেপ্টেম্বর ২ অক্টোবরের, ২৮ সেপ্টেম্বর ৩ অক্টোবরের, ২৯ সেপ্টেম্বর ৪ অক্টোবরের এবং ৩০ সেপ্টেম্বর ৫ অক্টোবরের টিকিট বিক্রি হবে।

যেসব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে সেগুলো হলো- ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস (৫২৯টি), মহানগর প্রভাতী (৫৯১টি), মহানগর গোধুলী (৫৭৩টি), তূর্ণা (৫২৩টি) ও চট্টলা এক্সপ্রেস (৩০৪টি)। সিলেটগামী উদয়ন এক্সপ্রেস (৩৭৫টি), পাহাড়িকা (৪০১টি) এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস (৪৩৯টি)।

স্টেশন ম্যানেজার বলেন, ৩ থেকে ৫ অক্টোবর প্রতিদিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ‍দুটি করে বিশেষ ট্রেন চলবে। এসব ট্রেনের প্রতিটিতে এক হাজার করে যাত্রী পরিবহন করা সম্ভব হবে।  

চাঁদপুরগামী ট্রেন দুটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে বেলা ১২টা ও বিকেল ৪টায়।

ধীর গতিতে টিকিট বিক্রি বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, টিকিট কিনতে আগ্রহীদের একটি তথ্য ফরম পূরণ করতে হয়। ফরমের তথ্য যাচাইয়ের পর টিকিট দেয়া হচ্ছে।

“এতে কিছুটা ধীর গতিতে হলেও স্বচ্ছতার সঙ্গে টিকিট বিক্রি হচ্ছে। কালোবাজারি ও অনিয়ম বন্ধে ৩০টি গোপন ক্যামেরায় পুরো প্রক্রিয়া মনিটর করা হচ্ছে। প্রত্যেক কাউন্টারে একজন করে বিভাগীয় কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।”

যাত্রী চাহিদার ভিত্তিতে ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে বলেও জানান তিনি।