যুদ্ধাপরাধে ১১ জনকে জিজ্ঞাসাবাদ কক্সবাজারে
মুক্তিযুদ্ধ চলাকালে কক্সবাজারে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে ১৯ জনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার হিল টাউন সার্কিট হাউসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নুরুল ইসলাম ১১ জনকে জিজ্ঞাসাবাদ করেন।
আরো কয়েকদিন তিনি এখানে থাকবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এএসপি নুরুল ইসলাম জানান, গত ২৬ অগাস্ট তিনি কক্সবাজারে কাজ শুরু করেছেন। চকরিয়া ও মহেশখালীতে কয়েকটি স্থানে তিনি সরজমিন পরিদর্শন করেন।
এরপর মানবতাবিরোধী অপরাধে দায়ের করা এক মামলার ১৯ আসামিদের একে একে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন।
প্রথম দিন ১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই ১১ আসামির ও সাক্ষীদের নাম পৃথকভাবে প্রকাশ করেননি তিনি।
তদন্ত শেষ করে এ বিষয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দেবেন বলে জানান।
নুরুল ইসলাম জানান, ২০১০ সালের ৬ এপ্রিল কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার আনোয়ার হোসেন বাঙালি (যিনি এখন প্রয়াত) চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ২০ জনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা (সিআর মামলা নং ৪১২/১০) দায়ের করেন।
মামলায় এদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
বিচারক অভিযোগটি আমলে নিয়ে চকরিয়া থানায় পাঠান। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক অভিযোগটি পাঠিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এ বিষয়ে ট্রাইব্যুনাল তাকে (নুরুল ইসলাম) তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়।
নুরুল ইসলাম জানান, তিনি চকরিয়া ও পেকুয়ার ১৯ জনের নামে নোটিশ দিয়ে হাজির হতে বলেছেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন।
মামলায় চকরিয়ার ১৮ আসামি হলেন তৎকালীন ইসলামী ছাত্রসংঘের সভাপতি এনামুল হক মঞ্জু, জামায়াত নেতা চকরিয়ায় বদর বাহিনীর প্রধান আবু ওমর বদরুল আলম, মাস্টার মোহাম্মদ মুছা, সুজা আকবর, অ্যাডভোকেট শাহ আলম, মৌলভী মাসুক আহমদ, আনোয়ার হোছন, মাস্টার আজিজুর রহমান, মাস্টার আজিজুল হক ওরফে শামশুল হুদা, আবু ছৈয়দ সওদাগর, মৌলভী সাকের, রফিক আহমদ ওরফে দালাল রফিক, মোহাম্মদ মুছা, নজির আহমদ ওরফে গফ্ফু নজিরা, আকবর আহমদ, শামশু আলম ওরফে লম্বা শামশু, মৌলভী আক্তার কামাল ও আবু বক্কর ওরফে আবু খলিফা।
পেকুয়ার দুই আসামি হলেন মহসীন হায়দার চৌধুরী ও অধ্যক্ষ তাহের শওকত।
এদের মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছেন বলে জানান নুরুল ইসলাম।
