আচারের ট্রাকের তেলের ট্যাংকে ৫ হাজার ইয়াবা
টেকনাফ থেকে আচার নিয়ে চট্টগ্রামে আসার পথে একটি ট্রাকে পাঁচ হাজার ইয়াবা পেয়েছে পুলিশ; আটক করা হয়েছে চালক ও তার সহকারীকে।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, বৃহস্পতিবার সকালে নগরীর বাকলিয়া এলাকার কালামিয়া বাজার থেকে তাদের আটক করা হয়।
“এ দুজন টেকনাফ স্থলবন্দর থেকে ট্রাকে করে বিভিন্ন ধরনের আচার নিয়ে চট্টগ্রামে আসছিল। গোপনে খবর পেয়ে পুলিশ শাহ আমানত সেতু এলাকায় ট্রাক থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে কালামিয়া বাজার এলাকায় ট্রাকটি আটক করে পুলিশ।”
এরপর তল্লাশি করে ট্রাকের তেলের ট্যাংকের ভেতরে বিশেষভাবে ব্যবস্থায় রাখা পাঁচ হাজার ইয়াবা পাওয়া যায়।
এর আগে ২০১২ সালের ১৮ মে নগরীর খাতুনগঞ্জ এলাকায় বরইয়ের বস্তায় করে আনা পৌনে তিনলাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছিল র্যাব।
