২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিংয়ের প্রতিবাদ চট্টগ্রাম বিএনপির

চট্টগ্রামে লোডশেডিং বন্ধের দাবিতে বিদ্যুৎ ভবন ঘেরাও করে সমাবেশ করেছে নগর বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 10:25 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

বুধবার বিকালে নগরীর আগ্রাবাদে বিদ্যুৎ ভবন ঘেরাও করে নগর বিএনপির নেতাকর্মীরা।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, “দিনে-রাতে লোডশেডিং এ নগরবাসী অতিষ্ঠ।”

বাংলাদেশের বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রামে লোডশেডিং শিল্পোৎপাদন ব্যাহত করে দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও উল্লেখ করেন বিএনপি নেতা।

তিনি বলেন, “চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে। গ্রাহকদের অতিরিক্ত বিল দেওয়া হচ্ছে। এই অতিরিক্ত অর্থ না দিলে সংযোগ বিচ্ছিন্ন করার হুমকিও দেন কর্মকর্তারা।”

নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. আলী, এস এম সাইফুল আলম, মহিলা দল নেত্রী মনোয়ারা বেগম মনি, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ।

সমাবেশ শেষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী নজরুল ইসলামকে স্মারকলিপি দেন বিএনপির নেতাকর্মীরা।