শ্রমিক দলের পাল্টা কমিটি
কয়েক মাস আগে গঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা কমিটি ঘোষণা করেছে বিএনপির এই সহযোগী সংগঠনের বিদ্রোহী নেতাকর্মীরা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এই কমিটি ঘোষণা করা হয়।
এ এম নাজিম উদ্দিনকে সভাপতি ও আবুল খায়ের খাজাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করে সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৭ জুন সংগঠনের বিশেষ সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে এই কমিটি করা হয়েছে।
‘জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭ম জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিল-২০১৪ মাধ্যমে গঠিত নির্বাহী কমিটি’ শিরোনামে ওই সংবাদ সম্মেলন হয়।
এদিকে এভাবে কমিটি ঘোষণা সংগঠনের বিধিবহির্ভূত বলে দাবি করেছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
তিনি সাংবাদিকদের বলেন, “এভাবে কমিটি ঘোষণা সম্পূর্ণ অবৈধ। আমরা মনে করি, এটা বিধিবহির্ভূতভাবে করা হয়েছে। এরকম কমিটি গঠনের এখতিয়ার তাদের নেই।”
পরে ৫ মে আনোয়ারকে সভাপতি ও নুরুল ইসলাম খান নাসিমকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বিরোধী অংশের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা বলেন, “বিএনপির একটি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। দলের চেয়ারপারসন কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী যোগ্য নেতাদের নিয়ে কমিটি গঠনের নিদের্শনা দিয়েছিলেন।
“কিন্তু নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান ও জাফরুল হাসান সম্পূর্ণ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ সাবজেক্ট কমিটির মাধ্যমে একটি পকেট কমিটি ঘোষণা করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য সহযোগী সংগঠন ও শ্রমিক দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের কাছে এই কমিটি গ্রহণযোগ্যতা পায়নি।”
তার দাবির পক্ষে যুক্তি তুলে ধরে আবুল খায়ের খাজা বলেন, “কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত দুইজন নেতা তাদের অনুগত একজনকে সভাপতি ও অন্যজনকে সাধারণ সম্পাদক পদে বসিয়েছেন। দলের প্রতি কমিটমেন্টবিহীন সম্পূর্ণ ব্যক্তিগত আনুগত্যের কারণে তারা শ্রমিক দলের নেতা হয়েছেন।”
কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগও করেন তিনি।
শ্রমিক দলের ওই কমিটি বিএনপির কোনো নেতার অনুমোদন পায়নি দাবি করে আবুল খায়ের খাজা বলেন, “ওই কমিটির বিষয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে। শ্রম অধিদপ্তরেও অভিযোগ জানানো হয়েছে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিরোধীদের কমিটির কার্যকরী সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কাজী আবুল বাশার, দিদার হোসেন, ফয়েজ আহমেদ লিটন, আহম্মাদ হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স উপস্থিত ছিলেন।
ঘোষিত কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন সংবাদ সম্মেলনে ছিলেন না।
পরে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে শ্রমিক দলের সভাপতি আনোয়ার বলেন, “পদ বঞ্চিতদের নিয়ে এই অবৈধ কমিটি করা হয়েছে।
“শ্রমিক দল শ্রম আইনের বিধি- নিয়মে পরিচালিত হয়ে থাকে। ৩৫ সদস্যের একটি কমিটি করতে হয়। সারাদেশে শ্রমিক দলের নেতাদের মধ্য থেকে ৩৫ জনকে নিয়ে কমিটি করা হয়ে থাকে। তাই অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও এর মধ্য থেকে নেতা বেছে নেয়া হয়।”
