নেত্রকোনায় প্রিসাইডিং কর্মকর্তার কারাদণ্ড
নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রের ভোটসংখ্যা বেশি দেখিয়ে ফলাফল তালিকা পরিবর্তনের দায়ে এক প্রিসাইডিং কর্মকর্তাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল হক চৌধুরী উপজেলার রাণীগাঁও তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি আটপাড়া কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের শিক্ষক।
একই সঙ্গে সিরাজুলকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
মাহে আলম জানান, রোববারের আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে রাণীগাঁও তেলিপাড়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল হক ওই কেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল তালিকা তৈরি করেন। পরে ফলাফলের এই তালিকা পরিবর্তন করে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তানিয়া নাজনীন চৌধুরী রেখার কলস প্রতীকে বেশি ভোট দেখিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।
বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তার নজরে আসলে আবারও ওই কেন্দ্রের ভোট গণনা করা হলে সিরাজুলের জমা দেয়া ফলাফল তালিকায় জালিয়াতি ধরা পড়ে।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তানিয়া নাজনীন চৌধুরী রেখা দণ্ডপ্রাপ্ত সিরাজুল হক চৌধুরীর বোন। নির্বাচনে তিনি এক হাজার ১২ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী লিপি আক্তার রুনার কাছে হেরেছেন।
