২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমাইয়ার মৃত্যু: সিআইডির তদন্ত চায় পরিবার

রাজধানীর লালবাগের একটি মাদরাসায় শিক্ষার্থী সুমাইয়া আক্তারের মৃত্যুর ঘটনা তদন্তের ভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেয়ার দাবি জানিয়েছে তার পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2014, 11:06 AM

Updated : 22 Aug 2022, 07:10 PM

গত ১১ সেপ্টেম্বর লালবাগের হালিমা সাদিয়া মহিলা মাদরাসার বাথরুম থেকে আবাসিক ছাত্রী সুমাইয়া আক্তারের (১৩) লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমএলএসএস পদে কর্মরত মোবারক আলীর মেয়েকে গত মাসেই ওই মাদরাসায় ভর্তি করা হয়।

রোববার তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে সুমাইয়ার দুই সহোদর ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী ইব্রাহিম ও নুরুল আলম নয়ন মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি জানান।

লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হলেও তাতে অনাস্থা প্রকাশ করে আবারো ময়নাতদন্ত করার দাবি জানিয়েছে তারা।

এমনকি সংশ্লিষ্ট থানার পুলিশের পক্ষ থেকেও ওই ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনের পর সুমাইয়ার বড় ভাই ইব্রাহিম বলেন, “বোনরে আলেম বানাইতে মাদ্রাসায় ভর্তি করছিলাম এবছরের আগস্টে। ভর্তির একমাস না যাইতেই পাইলাম লাশ।

“ওরে মাদরাসার কেউ মাইরা ফালাইছে। আমরা এই খুনের বিচার চাই। সিআইডি মামলার তদন্ত করুক তা চাই।”

ইব্রাহিম জানান, ১১ সেপ্টেম্বর দুপুর ১২টায় মাদরাসা থেকে ফোন করে সুমাইয়ার অসুস্থতার কথা জানানো হয়।

“সেখানে গেলে বাথরুমে দেখি বোনের লাশ। মাদরাসার লোকেরা কইল, রাতে আত্মহত্যা করছে সুমাইয়া।”

কিন্তু সুমাইয়ার গলায় হাতের আঙ্গুলের ছোপ ও শরীরের বিভিন্ন অংশে মারধরের চিহ্ন দেখেছেন বলে জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম বলেন, “থানা পুলিশ আগেই জিডি লেইখা আনছিল। আব্বা কিছু না বুইঝা সেইখানে সই করছে।

“আমরা এখন ভুল বুঝতে পারছি। আবারও ময়নাতদন্ত চাই আমরা।”

এবিষয়ে লালবাগ থানা এসআই আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাথরুমের কাপড় ঝোলানোর রডের সঙ্গে গলায় ওড়না পেচানো ছিল সুমাইয়ার। তবে তার পা মেঝেতে লাগানো ছিল।”

শনিবার বিকেলে পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আত্মহত্যায় মৃত্যু হয়েছে’ বলা হলেও এই পুলিশ সদস্য তা মেনে নিতে পারছেন না।

তিনি বলেন, “সুমাইয়ার মৃত্যুর পর মাদরাসা পুরো খালি হয়ে গিয়েছিল, ছাত্র-শিক্ষক কেউ ছিল না সেখানে- এটি খুবই রহস্যময় মনে হয়েছে।

“তাই মাদরাসার লোকেরা ফিরে আসলে এ বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ করবো।”