মগবাজার হত্যাকাণ্ড: আরো ৬ আসামি রিমান্ডে
রাজধানীর মগবাজারে তিন খুনের মামলায় গ্রেপ্তার আরো ৬ আসামিকে বিভিন্ন মেয়াদে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
আসামিরা হলেন- আল আমিন (২৫), সাইফুল্লাহ সিয়াম (২৪), রমজান আলী (২০), রুবেল মিয়া ওরফে সানি (২৫), মারুফ হোসেন (২৬) ও শাফিন লস্কর (২৫)।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে আসামিদের রিমান্ড চান রমনা থানার এসআই মিজানুর রহমান।
আদালতের সংশ্লিষ্ট পুলিশ কমর্কর্তা মাহমুদুর রহমান জানান, রিমান্ড আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম রেজাউল ইসলাম দুই মামলায় সাইফুল্লাহ সিয়াম, রমজান আলী, রুবেল মিয়া ওরফে সানি ও মারুফ হোসেনের ৩ দিন করে ৬ দিন এবং আল আমিন ও শাফিন লস্করকে অস্ত্র মামলায় ৩ দিনের হেফাজতে নেয়ার অনুমতি দেন ।
গত শুক্রবার রাতে মুন্সীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি পিস্তল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।
গত ২৮ আগস্ট রাতে রাজধানীর মগবাজারের সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে রানু আক্তার বৃষ্টি, বিল্লাল হোসেন ও মুন্না। ওই ঘটনায় বৃষ্টির ভাই শামীম ওরফে কালাচাঁন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
আসামিদের মধ্যে প্রধান কালা বাবুসহ ছয়জনকে এর আগে গ্রেপ্তার করে পুলিশ। পরে কালা বাবু পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
