দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
নিহত সিরাজুল ইসলাম (৩০) উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।
শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইকেলে করে যাচ্ছিল সিরাজুল। বটতলা এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
