২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ-সংঘাত নয়, শান্তি চাই: শেখ হাসিনা

যুদ্ধ-সংঘাত বন্ধে আরো কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2014, 07:19 PM

Updated : 22 Aug 2022, 07:08 PM

জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, “আমরা যুদ্ধ-সংঘাত চাই না। শান্তি চাই।”
 
জাতিসংঘকে আরো কার্যকর ভূমিকা পালনের সুযোগ করে দেওয়ার কথাও বলেছেন বাংলাদেশের সরকার প্রধান।
 
ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ স্মারক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “বিশ্বের এক বিরাট অংশে আজ সংঘাত চলছে। এ সংঘাত কোনভাবেই মানুষের কল্যাণ আনতে পারে না।”
 
মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে আমাদের চাইতে আর কারো বেশি তিক্ত অভিজ্ঞতা নেই।”
 
সম্প্রতি গাজায় ইসরাইলী হামলায় নারী ও শিশুসহ মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি জনগণের সঙ্গে পূর্ণ একাত্মতা ঘোষণা করেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, “আমরা যুদ্ধ চাই না। যারা মানবাধিকারের মাপাকাঠি দেখে তাদের কাছেই আমার প্রশ্ন, এতো বড় ঘটনার পর তারা কিভাবে চুপ করে থাকে?”

এসময়, মিলনায়তনে উপস্থিত সকলে হাতে তালি দিয়ে শেখ হাসিনার বক্তব্যকে স্বাগত জানান। অনুষ্ঠানে বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন, “আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার প্রতি আমাদের প্রতিশ্রুতিতে আমরা অটল রয়েছি।” যুদ্ধ, সংঘাত ও সন্ত্রাস রোধে জাতিসংঘের সার্মথ্য বৃদ্ধি করতে সকল সদস্য রাষ্ট্র সঙ্গে একযোগে কাজ করে যাবে বলেও শেখ হাসিনা আশাপ্রকাশ করেন। যুদ্ধ ও সংঘাত- মানবীয় বিপর্যয় ডেকে আনে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আমরা মানবীয় মূল্যবোধকে সমুন্নত রাখতে একযোগে কাজ করতে চাই। আমরা মানুষের মননশীলতায় শান্তির সংস্কৃতি তৈরিতে কাজ করে যাব যাতে মানুষের মন থেকে যুদ্ধের বৈরি ভাবনাগুলো মুছে যায়।” জাতিসংঘের নিরস্ত্রীকরণ এজেন্ডায় বাংলাদেশের সবসময়ই সামনের সারিতে অবস্থানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “পারমাণবিক শক্তির ব্যবহার, সমুদ্র, আকাশ এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আমরা আরো নিবিড়ভাবে কাজ করতে চাই।” “সন্ত্রাসবাদ ও মৌলবাদ বিরোধী বৈশ্বিক সংগ্রামে আমরা স্বপ্রণোদিত হয়ে কাজ করতে চাই।” “রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী আমরা দেশে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি”, যোগ করেন প্রধানমন্ত্রী। মানবাধিকার লংঘনের ঘটনা প্রতিরোধে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণ পদ্ধতিকে সর্বাত্নক সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তার বক্তব্যে উল্লেখ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, “গণহত্যা প্রতিরোধে সারাবিশ্বে যে প্রতিবাদের ঝড় উঠেছে, আমরা তার সাথে একাত্মতা পোষণ করছি।” “মানবতাবিরোধী অপরাধের বিচার না হওয়ার সংস্কৃতি যাতে বন্ধ হয়, সেজন্য অপরাধের বিচার নিশ্চিত করার আন্দেলনে আমরা নীতিগতভাবে অগ্রগামী।” মায়ানমারের শরণার্থী সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথাও বলেন শেখ হাসিনা। শেখ হাসিনা ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণও উদ্ধৃত করেন। ওই ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, “মানবিক বিপর্যয় এবং সংঘাত-সঙ্কুল এই বিশ্বে জাতিসংঘই মানুষের ভবিষ্যতের জন্য একমাত্র ভরসা। চলার পথে নানা বাধাবিপত্তি উপেক্ষা করে জাতিসংঘ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে মানবজাতির উন্নয়নে বিরাট অবদান রেখে চলেছে। বাংলাদেশের তুলনায় বিশ্বে খুব কম দেশই আছে যারা এই বিশ্ব সংস্থার সুনির্দিষ্ট অর্জন এবং সম্ভাবনা উপলব্ধি করেছে।” স্বাধীনতার প্রায় সাড়ে তিন বছর পর বঙ্গবন্ধুর ঐকান্তিক চেষ্টায় ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে। সে বছরই জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম সম্মেলনে বঙ্গবন্ধু কোনো সরকার প্রধান হিসাবে প্রথম বাংলায় ভাষণ দেন। শেখ হাসিনা বলেন, “জাতির পিতা উপলব্ধি করেছিলেন, সদ্য স্বাধীন বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা ছাড়া তার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। আর এ জন্য জাতিসংঘের সদস্যপদ অর্জন ছিল অপরিহার্য। “দেশের বাইরে তখনও আমাদের দুতাবাসগুলো ভালভাবে চালু হয়নি। সে অবস্থায় জাতিসংঘে বাংলাদেশের আনুষ্ঠানিক স্বীকৃতিলাভের জন্য জাতির পিতা বন্ধুপ্রতীম রাষ্ট্র ও তৎকালীন বিশ্বনেতাদের সমর্থন আদায়ের পদক্ষেপ নেন।” শেখ হাসিনা বলেন, “জাতিসংঘে ৪০ বছরের পথ-পরিক্রমায় আমাদের অনেক অর্জন রয়েছে। এর কোনটিই অনায়াসে হয়নি।” আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে আসার পর জাতিসংঘের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ককে সুদৃঢ় হয়েছে এবং পারস্পরিক ব্যবধান কমে এসেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, “আজকের এই বিশেষ দিনে আমরা আরও সামনের দিকে তাকাতে চাই। মাত্র ১০ বছর পরেই আমরা জাতিসংঘের সাথে আমাদের সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করব। এ সময়ের মধ্যে জাতিসংঘের সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর ও অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। বাংলাদেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘের মূল উন্নয়ন এজেন্ডার সাথে সঙ্গতিপূর্ণ করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “২০১৫ পরবর্তী উন্নয়ন কাঠামোর আওতায় আমরা এমন কিছু লক্ষ্য স্থির করতে একমত যা বিদ্যমান বাস্তবতায় আমরা অর্জন করতে পারব। “আমরা দেখতে চাই পৃথিবীর প্রতিটি মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা এবং একটি মার্জিত কাজের নিশ্চয়তা পাচ্ছে।” জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের চিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী। প্রথম পুরস্কার পায় দুলালী নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিশু। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে বাক ও বধির মো ওসমান গনি ও সায়েন সরকার আকাশ। পরে, প্রধানমন্ত্রী বিশেষ ডাক টিকেট ও খাম অবমুক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি নিল ওয়াকার, ইউএন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাবেক সভাপতি অধ্যাপক সালাউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।