২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসির দায়িত্ব পালনে দক্ষতা যাচাইয়ে পরীক্ষা

পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের থানার ওসির দায়িত্ব দেয়া হলেও ঢাকা মহানগরে এ দায়িত্ব পালনের দক্ষতা প্রমাণে পরীক্ষায় বসতে হচ্ছে।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2014, 05:59 PM

Updated : 22 Aug 2022, 07:08 PM

ঢাকা মহানগর পুলিশের ৫৭ জন পরিদর্শক মঙ্গলবার সন্ধ্যায় এ পরীক্ষায় বসছেন বলে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, “পরীক্ষায় আইন-কানুন, বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা, আচার-আচরণ ইত্যাদিসহ বিভিন্ন বিষয় আমলে নেয়া হবে।”

তিনি বলেন, থানাগুলোকে আরো গণমুখী ও জনবান্ধব করতে গত বছর থেকে মহানগর পুলিশ এ উদ্যোগ নেয়। গত বছরের শুরুর দিকে ওই পরীক্ষায় ৫০ জন অংশ নিলেও মাত্র সাত জন উত্তীর্ণ হন।

“পরীক্ষায় উত্তীর্ণরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য দক্ষদের তালিকায় থাকবেন। কোন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তন হলে বা সরিয়ে নেয়া হলে এ পরীক্ষায় উত্তীর্ণরা মেধাক্রম অনুযায়ী সে পদে নিয়োগ পাবেন,” বলেন মাসুদুর রহমান।

রাজধানীর কয়েকটি থানায় কর্মরত পরিদর্শকদের সঙ্গে কথা বলে জানা যায় পরীক্ষা নিয়ে তাদের উৎকণ্ঠার কথা।

গেন্ডারিয়া থানার পরিদর্শক আবু আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই সন্ধ্যার দিকে মহানগর পুলিশ কমিশনার অফিসে দক্ষতা যাচাই পরীক্ষা হচ্ছে। কিভাবে প্রশ্ন আসবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

শাহবাগ থানার পরিদর্শক হাবিল হোসেন বলেন, “থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দক্ষ কি না তা যাচাইয়ের পরীক্ষা দেব। আশা করি, পরীক্ষা ভাল হবে। তারপরও সব কিছু ঠিকমতো হবে কি না তা নিয়ে চিন্তা হচ্ছে।”

মোহাম্মদপুর থানার পরিদর্শক আবদুল মতিন বলেন, “সার্ভিস রেকর্ড ও পরীক্ষার ফল বিবেচনায় আমি উত্তীর্ণ হব বলে বিশ্বাস আছে। তারপরও পরীক্ষা তো ভাই পরীক্ষা। শেষ না হবার আগে কিছু বলা কঠিন।”