কুমিল্লায় পাসপোর্টসহ আটক ৪
কুমিল্লা পাসপোর্ট অফিস এলাকা থেকে দালাল সন্দেহে আটক চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লা সদরের নোয়াপাড়ার জাকির হোসেন (২৫), ইকবাল হোসেন (৪২), বুড়িচং উপজেলার শাহ দৌলতপুর গ্রামের ময়নাল হোসেন (৩৮) এবং একই উপজেলার জগতপুর গ্রামের জহুরুল ইসলাম (৩২)।
রোববার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা প্রত্যেককে একমাসের কারাদণ্ড প্রদান করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাসপোর্ট অফিসে গ্রাহকদের কাছে হয়রানির অভিযোগ পেয়ে র্যাবকে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় আটক চারজনের কাছ থেকে ১২১টি পাসপোর্ট এবং ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পাসপোর্ট রাখার দায়ে ওই চারজনকে কারাদণ্ড দেয়া হয়।
