সাগর-রুনি হত্যা: ফের জামিন আবেদন তানভীরের
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার মো. তানভীর রহমান জামিন চেয়ে ফের হাই কোর্টে আবেদন করেছেন।
হাই কোর্টের একটি বেঞ্চে বিফল হওয়ার পর এবার অন্য বেঞ্চে আবেদন করেছেন তিনি।
তানভীরের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ সাংবাদিকদের জানান, বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর আদালতে এই আবেদনের শুনানি হতে পারে।
ওই আদালতেও আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক।
২২ জুলাই সেই আদালতে ফাওজিয়া করিম বলেন, “তানভীরকে বিনা বিচারে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। মামলার বিচার কাজও চলছে না। এই অবস্থায় জামিন পাওয়া তার অধিকার।”
জবাবে মামলাটিকে ‘স্পর্শকাতর’ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, “এ মামলার তদন্ত চলছে। এ অবস্থায় আসামিকে জামিন দেয়া ঠিক হবে না।”
এর আগে তানভীরের জামিন চেয়ে গত ১৩ জুলাই রিট আবেদন করেছিল মানবাধিকার কমিশন। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে ওইদিন শুনানিও হয়।
হাই কোর্ট ও বিচারিক আদালতে বারবার আবেদন করেও জামিন না পাওয়ার যুক্তি দেখিয়ে ‘ব্যতিক্রমধর্মী’ ওই জামিনের আবেদন করা হয়। আইনজীবীদের দেয়া আদালতের পরামর্শে তানভীরের জামিনের ওই আবেদন করা হয়।
সাগর-রুনির কথিত পারিবারিক বন্ধু তানভীর রাজধানীর স্কলাসটিকা স্কুলের ডেপুটি ম্যানেজার ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে ২০১২ সালের ১০ অক্টোবর বিচারক তাকে সাত দিনের রিমান্ডে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
তার আইনজীবীর দাবি, তানভীরকে ওই বছরের ১ অক্টোবর আটক করা হলেও আদালতে হাজির করা হয় ১০ দিন পর।
এর মাঝে বিচারিক আদালত ও হাই কোর্টে কয়েকদফা জামিনের আবেদন করে ব্যর্থ হন তানভীর।
ছেলেকে ‘বিনা-বিচারে’ আটকে রাখার অভিযোগ এনে গত ৯ ফেব্রুয়ারি তানভীরের বাবা মাহবুবুর রহমান জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতা চেয়ে আবেদন করেন। সেই আবেদন বিবেচনায় নিয়েই কমিশন ও এর চেয়ারম্যান মিজানুর রহমান রিট আবেদন করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
হত্যারহস্যের কিনারা করতে না পারায় হাই কোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি পুলিশ থেকে র্যাবে স্থানান্তর করা হয়।
র্যাব তদন্তের দায়িত্ব নেয়ার পর সন্দেহভাজন ১৬ জনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠায়। এছাড়া আলামত হিসেবে জব্দ করা ছুরি ও পোশাকের নমুনাও পাঠানো হয়। কিন্তু তাতেও খুনি সনাক্ত করা যায়নি।
হত্যাকাণ্ডের এক বছর আট মাস পর ঘটনায় ‘জড়িত’ আটজনকে চিহ্নিত করে সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এর মধ্যে পাঁচজনই চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি।
