২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘ডাকাতের’ হামলায় সাংবাদিকসহ আহত ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাত দলের হামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’র স্থানীয় সংবাদদাতাসহ তিনজন আহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 11:28 AM

Updated : 22 Aug 2022, 08:39 PM

এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, নগদ ৩০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে।  

ভেড়ামারা মডেল থানার ওসি মামুন খান জানান, শনিবার রাত ৯টার দিকে বাকাপোল এলাকার জুনিয়াদহ সড়কে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- এনটিভির কুষ্টিয়ার স্টাফ করেসপন্ডেন্ট ফারুক আহমেদ পিনু, তার খালাতো ভাই মনোয়ার হোসেন (৫০) ও প্রতিবেশী মনিরুল ইসলাম (৪০)।

তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুকের মাথা ফেটে গেছে, শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।  

পুর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ফারুক।

আহতদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মামুন বলেন, রাতে ফারুকসহ তিনজন ভেড়ামারা শহর থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি গোলাপনগরে যাচ্ছিলেন। পথে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের গাছের সঙ্গে বাঁধা তারে জড়িয়ে তারা ছিটকে পড়ে যায়। এসময় ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের রেললাইনের ওপর নিয়ে হাত-পা ও মুখ বেঁধে বেদম পেটায়।

“একপর্যায়ে দুর্বৃত্তরা মনিরুলের মোটরসাইকেল, নগদ ৩০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও একটি সোনার আংটি লুট করে পালিয়ে যায়। ডাকাতরা চলে গেলেও হাত পা বাঁধা অবস্থায় প্রায় তিন ঘণ্টা পড়ে থাকেন তারা। পরে রাত ১২টার দিকে হামাগুড়ি দিয়ে তারা জুনিয়াদহ সড়কে পৌঁছান।”

সেখানে থাকা ভেড়ামারা পুলিশের টহল দল তাদের দেখতে পেয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত দেড়টার দিকে তাদের সদর হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিচিম।

জেলা প্রশাসক বেলাল বলেন, “আমার মনে হয় এটা ছিনতাইয়ের ঘটনা। সাংবাদিক পরিচয় পাওয়ায় ডাকাতরা তাকে বেশি মারধর করেছে বলে ধারণা করা হচ্ছে।”

পুলিশ সুপার প্রলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতেই পুলিশ কাজ শুরু করেছে। আমরা আশা করছি হামলাকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।”