মন্ত্রীর সহকারীর ভাগ্নে ‘অপহরণকাণ্ডে’ আ. লীগ নেতার ভাগ্নে আটক
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারীর ভাগ্নেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আর এ ঘটনায় বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের আরেক নেতার ভাগ্নে জড়িত সন্দেহে পুলিশ তাকে আটক করেছে।
অপহৃত সবুজ রানা (১৮) বেলকুচি পৌর কাউন্সিলর ও সুবর্ণসাড়া গ্রামের বাসিন্দা সোবহান মন্ডলের ছেলে। তার মামা মোশাররফ হোসেন স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী।
এঘটনায় আটক রাকিবুল ইসলাম ‘অপহৃত’ সবুজের বন্ধু এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানা সদরের আব্দুস ছামানের ছেলে।
রাকিবের মামা বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন।
সবুজের আরেক মামা বেলকুচি উপজেলা যুবলীগের সভাপতি মীর সেরাজুল ইসলাম জানান, গত ১০ অগাস্ট বিকাল ৪টায় রাকিব শেরপুরে তার মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য সবুজকে বাড়ি থেকে নিয়ে যায়।
“এরপর থেকে সবুজের মোবাইল বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় শুক্রবার বিকালে ও শনিবার সকালে সবুজের মায়ের কাছে মোবাইল ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় সবুজকে হত্যার হুমকি দেয়া হয়।”
ঘটনাটি বেলকুচি থানা পুলিশকে জানালে তারা বগুড়ার শেরপুর থানার সঙ্গে যোগাযোগ করে।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিয়ে আমরা চাপের মধ্যে রয়েছি। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। ইতোমধ্যে বগুড়ার শেরপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সবুজের বন্ধু রাকিবকে আটক করেছে।”
বগুড়ার শেরপুর থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য মকবুলের বাড়ি থেকে রাকিবকে থানায় নিয়ে আসা হয়। সে মামাতো ভাই মানিকের বিয়েতে এনায়েতপুর থেকে এখানে এসেছিল।”
থানায় জিজ্ঞাসাবাদ করা হলে রাকিব ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
রাকিবকে মধ্যরাতে বেলকুচি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে শেরপুর থানা পুলিশ।
