চট্টগ্রামেও রেলের উচ্ছেদ অভিযান
চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকার রেললাইনের দুপাশের প্রায় ১০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার দুপুরে পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রেলপুলিশ এবং রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন।
জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় রেললাইনের দুপাশে ঝুঁকিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে বাজার বসছিল।
“দুই নম্বর গেইট সংলগ্ন এক একর এলাকা জুড়ে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা একশ’র মতো অস্থায়ী দোকান ছাড়াও বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।”
ওইসব দোকানের মালিকরাও এ উচ্ছেদ কাজে সহযোগিতা করেছেন বলে জানান তিনি।
ষোলশহর রেল লাইন দিয়ে চট্টগ্রাম নগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নাজিরহাট ও দোহাজারী এলাকার ট্রেন চলাচল করে।
গত বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজার রেলক্রসিংয়ের পাশে বসা অবৈধ বাজারে দুই ট্রেনের মাঝে পড়ে ধাক্কায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার পর শুক্রবার কারওয়ানবাজারে রেললাইনের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ।
শনিবার খিলগাঁও-মালিবাগেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এই অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামেও অভিযান চালানো হচ্ছে বলে পূর্ব রেলের কর্তারা জানিয়েছেন।
রেললাইনের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভূ-সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন।
