শরতের সকালে ভারি বর্ষণ দিনাজপুরে
শরতের আকস্মিক ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে দিনাজপুরের পথঘাট। তবে তীব্র গরমে বৃষ্টির পরশে খানিকটা হলেও হাঁস-ফাঁস ছেড়ে বেঁচেছেন শহরবাসী।
শনিবার সকাল ৬টা থেকে টানা তিন ঘণ্টায় ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
টানা বৃষ্টিতে শহরের প্রধান সড়ক ছাড়া প্রায় সব সড়কেই পানিতে তলিয়ে যায়। ফলে প্রভাতী শাখার শিক্ষার্থী আর অফিসগামী মানুষকে পোহাতে হয় ভোগান্তি। কেউ কেউ অপেক্ষায় থাকেন বৃষ্টি থামার, পানি নেমে যাওয়ার।
স্থানীয় অনেকেই বলেছেন, এমন সময়ে ভারি বৃষ্টি গত কয়েক বছরে তারা আর দেখেননি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আশিকুর রহমানও জানালেও একই তথ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরৎকালের মাঝামাঝি সময়ে মাত্র তিন ঘণ্টায় এত বেশি পরিমাণে বৃষ্টি গত কয়েক বছরে আর হয়নি।
এর আগে গত ১১ সেপ্টেম্বর ভোরে একই সময়ে ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
সকাল সাড়ে ৯টার পর বৃষ্টি থেমে গেলে আকাশ পরিষ্কার হতে শুরু করে। সূর্যের দেখা মিললে স্বাভাবিক হতে শুরু করে জীবনযাত্রাও।
