ইউনিসেফের ত্রাণসহ ইউএনও-র দুই কর্মচারী গ্রেপ্তার
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইউনিসেফের দেয়া ত্রাণ চুরির অভিযোগে রৌমারী উপজেলা পরিষদের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হচ্ছেন জিয়াউর রহমান (৩০) ও সোলায়মান (৩৮)।
কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন মিয়া জানান, ধরলা নদীর মোগলবাসা ঘাটে বৃহস্পতিবার এসআই আব্দল গফুর অভিযান চালিয়ে রৌমারী ইউএনও অফিসে কর্মরত নৈশপ্রহরী জিয়াউরকে তিন কার্টুন ত্রাণসহ আটক করেন।
জিয়াউর পুলিশকে জানায় ওএস ও পিআইওসহ আরো অনেকের কাছে বিপুল পরিমাণ ইউনিসেফের মালামাল রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে রৌমারী থানার ওসি শামীম হাসান সরদার অভিযান চালিয়ে সরকারি কোয়ার্টার থেকে ভুমি অফিসের পিয়ন সোলায়মানকে তিন কার্টুন ত্রাণসহ আটক করেন।
এছাড়া ওএস জিল্লুর রহমানের কোয়ার্টার থেকে তিন কার্টুন ও পিআইও সাখওয়াত হোসেনের রুম থেকে আরো চার কার্টুন ত্রাণের মালামাল উদ্ধার করে পুলিশ।
রৌমারী থানার ওসি শামীম হাসান সরদার ইউনিসেফের ১৩ কার্টুন ত্রাণ সামগ্রী উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।
রৌমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম বলেন, “বন্যার্ত মানুষের জন্য এ ত্রাণ সামগ্রী ইউএনও-র কাছে লোকজনের মাধ্যমে চুরি হয়েছে। তিনি ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
“কিন্তু এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে বাধ্য হয়ে ইউএনও আব্দুল হান্নান উদ্ধার অভিযানের অনুমোতি দেন।”
রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী বলেন, “গত ৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদের মিটিং করে ৫টি ইউনিয়নে বিতরণের জন্যইউনিসেফের ত্রাণ সামগ্রী বিভাজন করা হয়।
“কিন্তু ইউএনও একক সিদ্ধান্তে এসব মালামাল বিতরণ না করে তার দপ্তরে রেখে দেন।”
এসব অভিযোগ অস্বীকার করে ইউএনও আব্দুল হান্নান বলেন, “ত্রাণ চুরির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হচ্ছে। তদন্ত করে সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
তবে কি পরিমাণ মালামাল চুরি হয়েছে তা কেউ নিশ্চিত করেননি।
