২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকীর খুনীদের গ্রেপ্তার দাবিতে শনিবার মানববন্ধন

সংগঠনের নেতা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আগামী শনিবার ঢাকায় মানববন্ধন করবে আহলে সুন্নাত ওয়াল জামাত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 04:18 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

সুন্নী মতাবলম্বী সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হবে।

“রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ওলামা মাশায়েখের সম্মেলন হবে। এতে ওলামা-মাশায়েখ ছাড়াও পেশাজীবী ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।”

Image
নুরুল ইসলাম ফারুকী (ফাইল ছবি)

নুরুল ইসলাম ফারুকী (ফাইল ছবি)

লিখিত বক্তব্যে মোছাহেব উদ্দিন বলেন, গত ২ সেপ্টেম্বর লালদীঘি মাঠের সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

‘দোষী ব্যক্তিদের বিচারে সরকার আন্তরিক নয়’ অভিযোগ করে তিনি বলেন, “এখনও দায়ীরা শনাক্ত না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হবে।

“সরকার কেবল পুলিশি বিবৃতি দিয়ে রাজনীতি করে যাচ্ছে। ১৬ দিন পরও মামলার কোনো কূলকিনারা হয়নি।”

ফারুকী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি দেন আহলে সুন্নাতের এ নেতা।

সংগঠনের প্রধান সমন্বয়ক এম এ মতিন বলেন, “সরকার অবিলম্বে এ হ্ত্যাকাণ্ডের বিচার না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।” 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আহলে সুন্নাত নেতা মওলানা সৈয়দ মসিহুদ্দৌলা, পেয়ার মোহাম্মদ, মওলানা নুর মোহাম্মদ আল কাদেরী, মওলানা আনিসুজ্জামান আল কাদেরী প্রমুখ  উপস্থিত ছিলেন।

গত ২৭ অগাস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলির সদস্য ফারুকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ফারুকী আহলে সুন্নাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনাও করতেন।