২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে সরকারি জমি বেদখল

শরীয়তপুর সদর হাসপাতালের সামনে সরকারের প্রায় এক কোটি টাকা মূল্যের জমি দখল করে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছে প্রভাবশালীরা।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 05:40 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

শরীয়তপুর সড়ক জনপথ বিভাগ ও স্থানীয়রা জানায়, শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে শরীয়তপুর সিভিল সার্জনের কার্যালয় ও সদর হাসপাতালের সামনে অবস্থিত হাসপাতাল গেইট থেকে শুরু করে নিউ মেট্রো ক্লিনিক পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে গড়ে উঠেছে।

কোনো নিয়মনীতি না মেনে সরকারি জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করেছে কিছু প্রভাবশালী ব্যক্তি।

অনেকে স্থাপনা তৈরি করে নিজে ব্যবসা বাণিজ্য করছেন, আবার কেউ কেউ ভাড়া দিচ্ছেন বলে জানা গেছে।

এখানে রয়েছে হোটেল-রেস্তোরাঁ, ফুলের দোকান, ফলের দোকান, রেন্ট-এ কার, চায়ের দোকান, ক্রোকারিজ হাউজ প্রভৃতি।

মহাসড়কের পাশে এসব স্থাপনা নির্মিত হওয়ায় যানবাহন চলাছলে মারাত্মক বিঘ্ন ঘটে। এতে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়লেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে পারছে না।

এ ব্যাপারে সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন সরদার বলেন, “আমরা সরকারি জায়গায় ঘর নির্মাণ করেছি, তবে সরকার চাইলে ছেড়ে দেব। এখানে ঘর তুলে গরিব ও অসহায় লোকজন ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। সেখানে আমারও দুটি দোকান ঘর রয়েছে।”

এ ব্যাপারে ঔষধ ব্যবসায়ী রঘুনাথ পোদ্দার বলেন, এ সকল অবৈধ স্থাপনা নির্মাণের ফলে মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, অবৈধ দখলদারদের ইতোমধ্যে নোটিশ দেয়া হয়েছে। অচিরেই উচ্ছেদ অভিযান দেয়া হবে।