২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে ডিএমপি কমিশনার, ক্ষমা প্রার্থনা

আজিমপুর কবরস্থানের পশ্চিম সীমানার দেয়াল পুননির্মাণে নিরাপত্তা না দেওয়ার বিষয়ে হাই কোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 02:01 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

দুই সহকর্মীকে নিয়ে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল আকন্দের বেঞ্চে হাজির হন তিনি। গত ১ সেপ্টেম্বর এই আদালত তাদের তলব করেছিল।

বেনজীর আহমেদ আদালতে বলেন, “গতবছর আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করেছি। প্রায় প্রতিদিনই হরতাল অবরোধ ছিল। এসব নিয়েই পুরো ফোর্স খুব ব্যস্ত ছিল।

“সিটি কর্পোরেশন আমাদের সহযোগী সংগঠন। আমরা কাউকে দোষারোপ করতে চাই না। আদালতের আদেশ শিরোধার্য্য।”

“২ সেপ্টেম্বর থেকে আদালতের আদেশ মোতাবেক কাজ শুরু হয়েছে। আশা করি শিগগির কাজ শেষ হয়ে যাবে।  এরপরও কোনো ত্রুটি থাকলে আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।”

ডিএমপি কমিশনারের সঙ্গে লালবাগ জোনের উপ-কমিশনার ও লালবাগ থানার ওসিও আদালতে হাজির ছিলেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আদালতে পুলিশের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীব উল আলম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ আসাদ উল্লাহ।

আজিমপুর কবরস্থানের পশ্চিম দেয়াল ভাঙার পর দায়ের হওয়া একটি রিটের আদেশের সূত্র ধরে পরে আদালত অবমাননার রুল হয়। ২০১২ সালের ওই রিটটি দায়ের করেন জাকির হোসেন, ওই সীমানায় যার বাবার কবর রয়েছে।

জাকিরের আইনজীবী মো. আসাদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজিমপুর কবরস্থানের পশ্চিম সীমানার দেয়ালটি ভেঙে ফেলে। এরপর আমরা রিট করলে আদালত সীমানা দেয়াল পুননির্মাণ করার আদেশ দেয়। এই কাজে নিরাপত্তা দিতে বলা হয় ডিএমপিকে।

“ওই রুলে দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, তারা দেয়ালটি তুলতে চাচ্ছে। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া সেটা করা সম্ভব নয়। আর বারবার নিরাপত্তার জন্য পুলিশ চাওয়া হলেও ডিএমপি সেটা দিচ্ছে না। এ কারণে দেয়াল পুননির্মাণ করা যাচ্ছে না।”

ওই নিরাপত্তা না দেওয়ায় ডাকা হয় তিন পুলিশ কর্মকর্তাকে।

আজিমপুর কবরস্থানের পূর্ব সীমানা নিয়ে আরেকটি বিরোধ রয়েছে, যা পরবর্তীতে হাই কোর্টেও গড়ায়।

২০০৬ সালে স্থানীয় বিএনপি সাংসদ নাসিরউদ্দীন আহমেদ পিন্টুর ঠিকাদারী প্রতিষ্ঠান আজিমপুর কবরস্থানের ভেতর দিয়ে রাস্তার কাজ শুরু করলে ওই ঘটনার সূত্রপাত হয়।

এ সংক্রান্ত প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ওই বছর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাই কোর্টে একটি রিট দায়ের করে।

ওই রিটের রায়ে সেখানে নির্মাণাধীন পিলার, নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সীমানা প্রাচীর পুননির্মাণের আদেশও দেওয়া হয়। এজন্য সিটি কর্পোরেশনকে তিন মাস সময় দেওয়া হয়।

এই রায় না মানায় দক্ষিণ সিটির প্রশাসককে তলব করা হয়।

রিটের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, সিটি কর্পোরেশন রায় মেনে প্রতিবেদন দেওয়ার পর আদালত ওই রুল নিষ্পত্তি করে দিয়েছে।