বেবী মওদুদ স্মরণে বন্ধুরা
লেখক, সংগঠক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী- নানা পরিচয় থাকলেও বন্ধুদের কাছে বেবী মওদুদ ছিলেন শুধুই বন্ধু।
‘সতীর্থ ৭১’ আয়োজিত স্মরণসভায় প্রয়াতের এই পরিচয়টিই ঘুরেফিরে উঠে এসেছে বন্ধুদের আলোচনায়। তারা বলেছেন, জীবনের শেষ সময় পর্যন্ত বন্ধুদের এক হওয়ার উপলক্ষগুলো সবাইকে মনে করিয়ে দিত বেবী মওদুদ।
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করার কথা ছিল যে ৬৭ জন তরুণ-তরুণীর, তাদেরই একজন ছিলেন বেবী মওদুদ। সেই ৬৭ জন ছাত্র-ছাত্রীর সংগঠন ‘সতীর্থ ৭১’।
গত ২৫ জুলাই পৃথিবী ছেড়ে যাওয়া বেবী মওদুদকে নিয়ে মঙ্গলবার ধানমণ্ডির গ্যালারি চিত্রক প্রাঙ্গণে স্মরণসভা করেন তার সেই বন্ধুরা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন তাদের সবার শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামান।
বেবী মওদুদের সহপাঠী কবি নির্মলেন্দু গুণ, কবি অসীম সাহা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, সাবেক সাংসদ জোবেদা খাতুন পারুল, কেন্দ্রীয় কচিকাঁচার আসরের সহ-সভাপতি রওশন আরা ফিরোজ, পারিবারিক বন্ধু ও শহীদ জননী জাহানারা ইমামের বোন তাহমিদা সাঈদাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন সভায়। যোগ দেন প্রয়াতের দুই ছেলে রবিউল হাসান অভী ও শফিউল হাসান দীপ্ত।
রওশন আরা ফিরোজ বলেন, “বেবী মওদুদের নাম কে বেবী রেখেছিল জানি না, তবে তার ছিল শিশুর সারল্যভরা চেহারা, মুখে সবসময় লেগে থাকত শিশুতোষ নির্মল হাসি। তার সেই হাসি আর নিরহঙ্কার, বন্ধুসুলভ ব্যবহারের কথাই মনে পড়ে সবচেয়ে বেশি।”
স্কুলে পড়ার সময়ই নিজের যে গুণটির স্ফুরণ দেখিয়েছিলেন বেবী মওদুদ,সেই সংগঠক হিসেবে তার ভূমিকা উঠে আসে রওশন আরার স্মৃতিচারণে।
“তখন পূর্ব পাকিস্তানে অনেকেই কচিকাঁচার আসর সংগঠন করত। কিন্তু বেবী স্কুলে থাকতেই পুরো পশ্চিম পাকিস্তানে কচিকাঁচার আসর পশ্চিম পাকিস্তান শাখা গড়ে তোলে।”
বেবী মওদুদের সাংবাদিকতার হাতেখড়িও হয় অনেকটা স্কুলে থাকতেই কচিকাঁচার আসরে লেখালেখির মাধ্যমে। পরে কলেজে উঠে তিনি কচিকাঁচার আসরের ‘দাদাভাই’ রোকনুজ্জামান খানকে পাতা বের করার কাজে সাহায্য করতেন।
স্বামীর মৃত্যুর পর শিশু দুই ছেলেকে নিয়ে নিজের সংগ্রামের কথা তুলে কখনোই কারো করুণার পাত্রী হতে চাননি তিনি, যা উঠে আসে জোবেদা খাতুন পারুলের কথায়।
“ছাত্রজীবনে আমি ছাত্রলীগ করতাম, বেবী করত ছাত্র ইউনিয়ন। সেসময় তার সঙ্গে মতাদর্শের পার্থক্য ছিল বলে কিছুটা দূরত্বও ছিল।”
“তার জীবনে যে এত বড় দুর্ঘটনা (স্বামীর মৃত্যু) ঘটে গেছে, তার আমি জানতাম না। সতীর্থের মাধ্যমে যখন আমরা একত্র হতাম তখনও জানতে পারিনি। পরে এক রাতে তার বাসায় আমি ছিলাম। তখন তার জীবনের গল্পগুলো আমি শুনি।”
তাহমিদা সাঈদা জানান, তার বাবা ছিলেন বেবী মওদুদের বাবার হরিহর-আত্মা বন্ধু, তার মা ছিলেন বেবী মওদুদের মায়ের বন্ধু, বেবী মওদুদ সেই সূত্রে তার বন্ধু হয়ে উঠেন।
“আমার মা বলেছিলেন, আমার বাবা তার বিয়েতে চাচাকে দাওয়াত করেছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য বেবীর বিয়েতে আমি দাওয়াত পাইনি। অনাড়ম্বর, সাদাসিধে বেবীকে বধূবেশে দেখার ভাগ্য আমার হয়নি।”
বেবী মওদুদের সামাজিক দায়িত্ববোধের কথা উঠে আসে বন্ধু নির্মলেন্দু গুণের স্মৃতিচারণে।
“শেষবার তাকে আমি একটি কথাই তাকে বলেছিলাম,আমার গ্রামে আমি একটি স্কুল করেছি, সেখানে তুমি সাহায্য করবে। এরপর থেকে প্রায়ই আমার স্কুলে কখনো আধা টন, কখনো এক টন চাল, অর্থ সাহায্য পৌঁছে যেত। অথচ আমার এলাকার এমপি কখনোই কোনো সাহায্য করেনি আমার স্কুলে।”
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বেবী মওদুদ তার জীবনে প্রথম যেই গুণটি দেখিয়েছিলেন তা হল সরল জীবন যাপন। তার দ্বিতীয় গুণটি ছিল সততা। যেসব গুরুত্বপূর্ণ পদে সে জীবনে আসীন ছিল, সেসব পদে অসাধারণ সততার সঙ্গে দায়িত্ব পালন করেছে সে।
“তার তৃতীয় বৈশিষ্ট্যটি ছিল দেশের প্রতি তার কর্তব্যবোধ ও ভালোবাসা। দেশের প্রতি তার দায়িত্ব থেকে এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সে জীবদ্দশায় ধারণ করেছিল, তা থেকে তার বিন্দুমাত্র স্খলন হয়নি মৃত্যু পর্যন্ত।”
“তাদের মধ্যে যে এতটা হৃদ্যতার সম্পর্ক ছিল, তখন আমরা সেটা জানতাম না। আমরা জানতাম, হাসান আলী পার্টি ছেড়ে দিয়েছে, বেবীও এখন আর রাজনীতিতে নেই।”
“তখনও আমরা জানতাম না, এটা ছিল সাজানো নাটক। হাসান আলী ভাইয়ের বাড়িতে যেন পার্টির নেতাকর্মীরা না যায়, সে জন্যই তাদের নামে এমন তিক্ত কথাবার্তা ছড়িয়ে দেয়া হয়েছিল।”
অনুষ্ঠানে বেবী মওদুদকে উৎসর্গ করে গান পরিবেশন করেন বুলবুল মহালানবীশ ও মকবুল হোসেন।
