২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অনরারি কনসাল জেনারেল দুই প্রবাসী

প্রথমবারের মতো দুই প্রবাসীকে অনারারি কনসাল জেনারেল নিয়োগের বাংলাদেশ সরকারের প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 10:57 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

এই দুজন হলেন- শিকাগো প্রবাসী মুনির চৌধুরী এবং হাওয়াইয়ের বাসিন্দা জান রুমি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান এম এ মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৭ জুন থেকে তাদের নিয়োগ কার্যকর ধরা হবে। পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও প্রতিবছরই তাদের অনুমোদন নবায়ন করবে যুক্তরাষ্ট্র।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সন্তান মুনির চৌধুরী (৬৩) শিকাগোতে বাস করছেন দুই যুগ। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত মুনির চৌধুরী উনসত্তরের গণ আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে দুবছর কারাভোগ করেন।

শিকাগোতে শেখ মুজিব ওয়ে, এফআরখান ওয়ে, ইলিনয় স্টেট ক্যাপিটালে বাংলাদেশের পতাকা উত্তোলনসহ নানা কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি সমাজকর্মী হিসেবেও পরিচিত তিনি।

অন্যদিকে রাজধানীর পুরান ঢাকার সমাজকর্মী আব্দুস সোবহানের ছেলে জান রুমি (৬০) হাওয়াই রাজ্যের হনলুলুতে সপরিবারে বসবাস করছেন। উচ্চশিক্ষার জন্য ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রে এসেছেন তিনি।

কেন্টাকির বেরিয়া কলেজের স্নাতক এবং ইন্ডিয়ানা রাজ্যের পারডিউ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর জান রুমি হনলুলু জাপান চেম্বার অব কমার্স, হাওয়াই চেম্বার অব কমার্সের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এছাড়া কাহালা সানরাইজ রোটারি ক্লাবের ইন্টারন্যাশনাল সার্ভিস কমিটির চেয়ার হিসেবে কর্মরত জান রুমি হনলুলুর একটি মেন্টাল হেল্থ ক্লিনিকেরও চীফ এক্সিকিউটিভ অফিসার।

গত সপ্তাহে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী হাওয়াই সফর করেন। সেসময় অনরারি কনসাল জেনারেল হাওয়াই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও হাওয়াই রাজ্যের সঙ্গে বাংলাদেশের কৃষি ও বাণিজ্যিক বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন মতিয়া চৌধুরী।