ইবি প্রক্টরের পদত্যাগ
ছাত্রলীগের একটি পক্ষের দাবির মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মসলেম উদ্দিন জানান, মঙ্গলবার বিকালে তার স্থলাভিষিক্ত হয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক তালুকদার লোকমান হাকিম।
এর আগে ১৫ দিন বন্ধ পর থাকার পর সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া হয়। সকাল ১১টার দিকে হলগুলো খুলে দেয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বন্ধ থাকায় এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ চলতে থাকা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। এতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। তবে প্রশাসনিক কার্যক্রমে চলছে স্থবিরতা।
বাস চালক রমজান আলী জানান, বাস ভাংচুরের প্রতিবাদে ক্ষুব্ধ ইবি পরিবহন শ্রমিকরা গাড়ি বের করা থেকে বিরত রয়েছেন।
প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, গাড়ি ভাংচুরে ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল ক্যাম্পাস পরিস্থিতি অশান্ত রাখার চেষ্টায় লিপ্ত থাকায় ক্যাম্পাস খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম।
এদিকে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ ব্যানারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি অংশ প্রক্টর মাহবুবুর রহমানের পদত্যাগ দাবিতে মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেছে।
গত ২৪ অগাস্ট ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫ দিনের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে।
সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আহত হলে ছাত্রলীগের একাংশ প্রক্টরকে দায়ী করে তার পদত্যাগ দাবি করে।
