খোলা আকাশের নিচে ক্লাস
ভোলার চরফ্যাশনে হাজারীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড ঘর ঝুঁকিপূর্ণ হওয়ায় তিন মাস ধরে ক্লাস চলছে স্কুলের মাঠে।
কিন্তু সম্প্রতি চরমাদ্রাজের ভাঙা বেড়িবাঁধ দিয়ে স্কুলের মাঠে জোয়ারের পানি ঢুকে পড়ায় মাঠেও ক্লাস চলায় অসুবিধা হচ্ছে।
১৯৯৫ সালে একটি বেসরকারি সংস্থা স্কুলের জন্য টিনসেড ঘরটি নির্মাণ ও আসবাবপত্র দেয়। এর পর সংস্কার না হওয়ায় ঘরটি যেকোনো মহূর্তে ভেঙে পড়ার উপক্রম। আর সরকারি পাকা ভবনও তৈরি করা হয়নি। একারণে খোলা মাঠে ছাত্রছাত্রীদের ক্লাস নেয়া হচ্ছে।
স্কুলটিতে বর্তমানে চার শিক্ষক ও ৫০২ জন শিক্ষার্থী রয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বাচ্চু বলেন, “ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে যে কোন দুর্ঘটনা এড়াতে জলাবদ্ধ খোলা মাঠে পাঠদান কার্য চালিয়ে যাচ্ছি।”
অভিভাবক রফিকুল হাওলাদার, শহিদুল ইসলাম, সোহেল ফরাজি, রেশমা আক্তার ও পারভীন বেগম জানান, স্কুল ঘরটি ঝুকিপূর্ণ হওয়ায় শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনা করে খোলা মাঠে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে।
স্কুল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি হাদিসুর রহমান জানান, বিদ্যালয়টি সরকারিকণের পর ভবন নির্মাণের জন্য শিক্ষা অফিসে বার বার আবেদন করেও কোন সাড়া পাওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল আহাম্মদ জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত আবেদন করেছেন।
উপজেলা শিক্ষা কমিটিতে তা উপস্থাপন করে অনুমোদনসাপেক্ষে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়া হবে।
