২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিলে কামারুজ্জামানের পক্ষে যুক্তি শেষ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে নির্দোষ দাবি করে তার পক্ষে আপিলে যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষের আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 02:12 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে মঙ্গলবার এই শুনানি হয়।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এসএম শাহজাহান। তিনি কামারুজ্জামানকে নির্দোষ দাবি করেন।

তারপর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য উপস্থাপন শুরু করেছেন। রাষ্ট্রপক্ষ শেষ করলে আসামিপক্ষ জবাব দেয়ার সুযোগ পেতে পারে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

একাত্তরে ময়মনসিংহ জেলা শাখার আল বদর প্রধান কামারুজ্জামানকে গত বছর ৯ মে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গত বছরের ৬ জুন আপিল করেন  কামারুজ্জামান। গত ৫ জুন থেকে এ বিষয়ে শুনানি চলছে।

ট্রাইব্যুনালে আসামির সর্বোচ্চ সাজার আদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ এ মামলায় আপিল করেনি।

ট্রাইব্যুনালের রায়ে হত্যা ও গণহত্যার দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আরো দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একটিতে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এর আগে আপিল বিভাগে কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানি হয়। এর মধ্যে কাদের মোল্লাকে আপিল বিভাগ মৃত্যুদণ্ড দেয়, যা গত বছরের ১২ ডিসেম্বর কার্যকর করা হয়।

সাঈদীর আপিলের শুনানি গত ১৬ এপ্রিল শেষ হয়, যা এখন রায়ের অপেক্ষায় রয়েছে।

পুরনো খবর:

বছর পেরিয়ে কামারুজ্জামানের আপিল শুনানি