২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছর পেরিয়ে কামারুজ্জামানের আপিল শুনানি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ড পাওয়ার এক বছরেরও বেশি সময় পর জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মামলায় আপিল শুনানি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 12:02 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

বৃহস্পতিবার বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গতমাসে মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসার পর প্রস্তুতির জন্য সময় চান খন্দকার মাহবুব। তার আবেদনে ৩ জুন পর্যন্ত শুনানি পিছিয়ে দেয়া হয়।

তার আগে আপিল বিভাগে কাদের মোল্লার মামলায় জামায়াত নেতা আব্দুর রাজ্জাক শুনানি করেন। তবে সাঈদীর মামলা রাজ্জাক শুরু করলেও পরে এসএম শাহজাহান নামে অন্য এক আইনজীবীকেও নিয়োগ দেয়া হয়।

এর মধ্যে গত ডিসেম্বরে দেশের বাইরে গিয়ে আর ফেরেননি রাজ্জাক। এরপর শাহজাহান ও খন্দকার মাহবুব ওই মামলা শেষ করেন।

কামারুজ্জামানের মামলায় ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামকে ‍শুনানির অনুমতি দিতে আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়।

হাই কোর্টে অনুমতিপ্রাপ্ত হিসাবে ট্রাইব্যুনালে তিনি শুনানি করলেও আপিল বিভাগে শুনানির অনুমতি নেই।

যুদ্ধাপরাধের মামলার আপিলে এবারই প্রথম প্রধান বিচারপতি থাকছেন না। এই বেঞ্চে বিচারপতি এস কে সিনহার সঙ্গে রয়েছেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

একাত্তরে ময়মনসিংহ জেলা শাখার আল বদর প্রধান হিসাবে দায়িত্ব পালনকারী কামারুজ্জামানকে গত বছর ৯ মে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে কামারুজ্জামান গত ৬ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের আবেদন করেন। তবে সর্বোচ্চ সাজার আদেশ হওয়ায় প্রসিকিউশন এ মামলায় আপিল করেনি।

ওই বছর সংশোধিত যুদ্ধাপরাধ আইনে আপিল শুনানির জন্য ৬০ দিন বেধে দেয়া হয়। কাদের মোল্লার মামলায় আদালত সেটা মানার আগ্রহও দেখায়। পরে নির্দেশনামূলক বিবেচনায় সেই বাধ্যবাধকতার বাইরে চলে যায় আপিল বিভাগ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ট্রাইব্যুনালের রায়ে হত্যা ও গণহত্যার দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একটিতে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এর আগে আপিল বিভাগে কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানি হয়েছিল।

এর মধ্যে মোল্লাকে আপিল বিভাগ মৃত্যুদণ্ড দেয়, যা গত ১২ ডিসেম্বর কার্যকর হয়।

সাঈদীর আপিলের শুনানি গত ১৬ এপ্রিল শেষ হয়, যা এখন রায়ের অপেক্ষায় রয়েছে। সাঈদীর আপিলের শুনানি শুরু হয়েছিল ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর।

২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার মাধ্যমে বহু প্রতীক্ষিত যুদ্ধাপরাধের বিচার শুরু হয়।

জামায়াতে ইসলামীর সাবেক রুকন পলাতক বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ডের মাধ্যমে  ২০১৩ সালের ২১ জানুয়ারি যুদ্ধাপরাধ মামলায় রায় শুরু হয়।

এরপর একে একে সর্বোচ্চ শাস্তির রায় হয় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, পলাতক দুই ছাত্রসংঘ নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের। মৃত্যুদণ্ডতুল্য অপরাধ করেও বয়সের কারণে ৯০ বছর কারাদণ্ড পান গোলাম আযম।

এ ছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড এবং আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

কারাগারে থাকা সব দণ্ডিতের মামলাই বর্তমানে চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে রয়েছে।

নেতাদের পাশাপাশি দলগতভাবে বিরোধিতার জন্য জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে আদালতের রায়ে। হাই কোর্টের একটি রায়ে দলটি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছে। এই দলের বিরুদ্ধে মামলা দায়ের করতে তদন্তও করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

পুরনো খবর:

কামারুজ্জামানের ফাঁসির আদেশ