রংপুরের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
রংপুরে মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর এই বিভাগের আট জেলায় যানবাহন চলাচল শুরু হয়েছে।
রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে দীর্ঘ বৈঠক শেষে সোমবার বেলা ৪টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা, শ্রমিক নেতাদের যানবাহন ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”
রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলা ও ভাংচুর গর্হিত কাজ। এ ধরনের কাজ সমর্থনযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এই আশ্বাস পেয়ে শ্রমিক নেতারা তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।”
বৈঠকে পুলিশের রংপুর রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর, রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, জেলা মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগার আহমেদ পিন্টু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন।
এর ফলে রাজধানীসহ সারা দেশের সঙ্গে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে সোমবার সকাল থেকে রংপুর বিভাগের আট জেলায় অভ্যন্তরীণ রুটেও কোনো গাড়ি চলেনি।
