যুদ্ধাপরাধে অভিযুক্ত জব্বারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক নেতা ‘পলাতক’ আব্দুল জব্বারের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বিচারপতি এম এনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার আব্দুল জব্বারের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম।
এরপরই তার বিরুদ্ধে সাক্ষ্য দেন প্রথম সাক্ষী শোয়েবুর রহমান গুলদার।
১৯৭১ সালের ৬ অক্টোবর রাজাকার কমান্ডার ইস্কান্দার মৃধার নেতৃত্বে পিরোজপুরের মঠবাড়িয়ার বিভিন্ন জায়গা থেকে ৩৭ জন জনকে ধরে আনা হয়, যার মধ্যে শোয়েবুরও ছিলেন।
তিনি বলেন, জব্বারের নির্দেশে ধরে আনার পর নির্যাতন চালিয়ে ২২ জনকে সূর্যমনি গ্রামের নদীর পাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
সেদিন গুলিবিদ্ধ হলেও বেঁচে যাওয়া ৭৭ বছর বয়সী শোয়েবুর মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা।
মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ৩৫ বছর। তখন তিনি পাকিস্তানের লাহোরে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজে কর্মরত ছিলেন। ওই বছরের ২৯ ফেব্রুয়ারি তিনি ঢাকায় ফেরেন এবং ৪ এপ্রিল গ্রামে যান।
ওই সময় আওয়ামী লীগের নেতৃত্বে তুষখালীতে যে সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল, তাতে এই সাক্ষীও ছিলেন।
১৯৬৭-৬৮ সালে তৎকালীন মুসলিম লীগের নেতা ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার এমপিএ নির্বাচিত হয়েছিলেন।
শোয়েবুর বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মঠবাড়িয়া থানা শান্তি কমিটির দায়িত্ব নিয়ে ইঞ্জিনিয়ার জব্বার স্থানীয় ইস্কান্দার আলী মৃধাকে রাজাকার কমান্ডার হিসেবে নিয়োগ দেন।
“সে সময় রাজাকারদের সঙ্গে নিয়ে মঠবাড়িয়া থানার বিভিন্ন হাটে-বাজারে সভা-সমাবেশ করেন জব্বার ইঞ্জিনিয়ার।সেসব সভা-সমাবেশে বক্তৃতায় আসামি আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সমর্থক, মুক্তিযোদ্ধা ও হিন্দুদের পাকিস্তানের শত্রু বলে উল্লেখ করে তাদের ধ্বংস করার নির্দেশ দেন।”
তিনি বলেন, তুষখালী হাই স্কুল মাঠে ১৯৭১ সালের ১৬ মে এক সভায় জব্বার ইঞ্জিনিয়ার ফুলঝুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিশ্বাস ও মোতালেব শরীফকে জীবিত অথবা মৃত অবস্থায় তার সামনে হাজির করার জন্য ইস্কান্দার মৃধাকে নির্দেশ দিয়েছিলেন।
“নির্দেশ পেয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিশ্বাস ও মোতালেব শরীফকে ধরার জন্য সশস্ত্র রাজাকার বাহিনী নিয়ে ইস্কান্দার ফুলঝুড়ি গ্রামে যান। ওইদিন বিকেল ৪টার দিকে খবর পাই, ওই দু’জনকে হত্যা করা হয়েছে।”
পরদিন সন্ধ্যায় তুষখালীর কুলুপাড়া, নাথপাড়ায় গিয়ে রাজাকার বাহিনী হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করার পর জ্বালিয়ে দিয়েছিল বলে জানান তিনি।
১৯৭১ সালের ১৭ মে জব্বার ইঞ্জিনিয়ারকে পাকিস্তানি সেনাবাহিনীর ৩০-৩৫ জনের একটি দল নিয়ে ফুলঝুড়ি গ্রামে ঢুকতে দেখেছিলেন এই সাক্ষী।
“ওই সময় শারদা কান্ত পাইককে দৌড়াতে দেখলে জব্বার ইঞ্জিনিয়ার বলেন, ‘ওই মালাউন যায়, ওকে গুলি কর’। পাকিস্তানি সেনারা সঙ্গে সঙ্গে গুলি করে তাকে হত্যা করে।”
একই সময়ে পাকিস্তানি সেনা ও রাজাকাররা মিলে গ্রামের ৩৬০টি বাড়িঘর লুটপাটের পর জ্বালিয়ে দেয় বলেও জানান শোয়েবুর।
“এ ঘটনার আট-দশদিন পর জব্বারের নির্দেশে রাজাকাররা পাইকবাড়িতে দেড়শ’ থেকে দু’শ হিন্দু লোককে একত্রিত করে জোর করে তাদের মুসলমান করে। তাদের মুসলিম নাম দেওয়া হয়। শুধু তাই নয়, গরু জবাই করে তাদের সবাইকে গরুর মাংস খেতে এবং নামাজ পড়তে বাধ্য করা হয়।”
সাক্ষ্য দেওয়ার পর শোয়েবুরকে জেরা শুরু করেন জব্বারের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আবুল হাসান। জেরা অসমাপ্ত অবস্থায় সোমবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করা হয়।
গত ১৪ অগাস্ট একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগে পলাতক জব্বারের বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ছাড়াও ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিতকরণ, ৫৫৭টি বাড়িঘরে লুটপাট চালানো ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
জব্বারের শ্বশুর ছিলেন স্থানীয় মুসলীম লীগ নেতা। জব্বার নিজে ছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া থানা শান্তি কমিটির চেয়ারম্যান। জাতীয় পার্টির টিকিটে মঠবাড়িয়া থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।
যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, আনুমানিক ৮০ বছর বয়সী জব্বার বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী।
