জামালপুরে জুস ও এনার্জি ড্রিংকসসহ নকল পণ্য জব্দ, আটক ১
জামালপুর বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে জুস ও এনার্জি ড্রিংকসসহ বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে পুলিশ।
জামালপুর সদর সার্কেলের এএসপি রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিসিক শিল্পনগরীর প্রমিজ কেমিকেল অ্যান্ড ফুড প্রডাক্টস ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে জুস, খাওয়ার স্যালাইন, যৌন উত্তেজক ড্রিংকস, চকলেট, এনার্জি ড্রিংকস, হারবাল জিংক, দাতের মাজন ও শিশু খাদ্যসহ বিভিন্ন ব্রান্ডের নকল পণ্য সামগ্রী এবং পণ্যের লেবেল ও বোতল জব্দ করা হয়েছে।
“এসময় ফ্যাক্টরির মালিক নোমান হোসেন ফারুককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।”
শহরের গোলাপবাগ এলাকার নোমান হোসেন ফারুক বিসিকের এক প্লট মালিকের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে এসব নকল পণ্য তৈরি করে বাজারজাত করছিল বলে জানান তিনি।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা করেছে পুলিশ।
