২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত সাবেক ব্যাংকার উদ্ধার, ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে দুই লাখ টাকাসহ এক সাবেক ব্যাংকারকে মাইক্রোবাসে তুলে নেয়ার পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তারও করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 04:24 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সদর থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সুপার মার্কেট চত্বর থেকে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এস এম নরুল ইসলামকে (৬৫) ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা।

পরে তিন কিলোমিটার দূরের সিপাহিপাড়া এলাকায় একটি মাইক্রোবাসে হাতকড়া পড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এ সময় ‘ভুয়া ডিবি পুলিশ’ রিন্টু মিয়াকে (৩৫) আটক করে পুলিশ। তিনি বরিশালের মুলাদির আব্দুল জাব্বারের ছেলে।

ওসি বলেন, “শহরে হাটলক্ষীগঞ্জ ইসলামী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে রিকশায় করে শহরের মালপাড়ার বাড়িতে ফিরছিলেন নুরুল ইসলাম। এসময় ডিবি পুলিশ পরিচয়ে তাকে মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পালিয়ে যাওয়ার সম্ভাব্য রাস্তায় অবস্থান নিয়ে মাইক্রোবাসটি আটক করে পুলিশ।”

পুলিশ দেখে টাকা নিয়ে পাঁচ দুর্বৃত্ত পালিয়ে গেলেও রিন্টুকে একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হাতকড়া, ‘ডিবি’ লেখা দুটি ইউনিফর্মসহ আটক করা হয় বলে জানান তিনি।

পালিয়ে যাওয়া অপহরণকারীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।