২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় চাচাতো ভাইয়ের হাতে একজন খুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 12:51 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

নিহত খান মো. আলাউদ্দিন আলো (৫০) উপজেলার শীতেলী  গ্রামের সাবদার হোসেন খানের ছেলে।

রোববার সকালে নিজের বাড়িতে চাচাতো ভাইয়ের সঙ্গে মারামারির এক পর্যায়ে তিনি মাথায় লাঠির আঘাত পান বলে শৈলকুপা থানার ওসি সগির মিঞা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই বাড়ির ভিতরে একটি গাছ নিয়ে মেয়েদের মধ্যে ঝগড়া লাগে। এ নিয়ে চাচাতো ভাই মোস্তাক আহমেদ ওরফে নান্নু খানের সাথে আলাউদ্দিনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নান্নু লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে আলাউদ্দিনের মাথা ফেটে যায়।”

আলাউদ্দিনকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।