২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুঅন্ধত্ব: দরকার প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা

শিশুদের ক্ষীণ দৃষ্টিশক্তিসহ চোখের অন্যান্য রোগের কারণে পড়ালেখাসহ সার্বিক মানসিক স্বাস্থ্যের বেড়ে ওঠা ক্ষতিগ্রস্ত হয়, যা প্রাথমিক পর্যায়েই চিকিৎসার মাধ্যমে রোধ করা সম্ভব বলে মনে করছেন চক্ষু বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 11:34 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

জাতীয় প্রেস ক্লাবে শনিবার সাংবাদিকদের এক কর্মশালায় এই মত জানিয়ে  বলা হয়,  শিশু অন্ধত্বে দারিদ্র্য ও আর্থ-সামাজিক বৈষম্যও বাড়ে।

দৃষ্টিশক্তি নিয়ে কাজ করা আন্তজার্তিক  সংগঠন অরবিস ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র যৌথভাবে ‘শিশু অন্ধত্ব’ নিয়ে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো দৃষ্টি প্রতিবন্ধিতা। এর মধ্যে একটি বড় অংশ শিশু বয়সেই অন্ধত্বের শিকার হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বাংলাদেশের প্রতি এক হাজার শিশুর মধ্যে প্রায় একজন অন্ধত্বের শিকার।

কর্মশালার প্রধান বক্তা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট ও হাসপাতালের পেডিয়াট্রিক অপথালমোলজি বিভাগের প্রধান অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন বলেন, “শিশু অন্ধত্ব নিয়ে গবেষণা প্রতিবেদন অনুযায়ী,বাংলাদেশে মোট ৪৮ হাজার অন্ধ শিশু রয়েছে,যাদের মধ্যে ১৬ হাজার জনের ক্ষেত্রেই অন্ধত্ব প্রতিরোধ করা যেত।

“এছাড়া দেশে প্রায় ১৩ লাখ শিশু ‘দৃষ্টি ত্রুটি’ এবং ১ লাখ ৫৩ হাজার ৬০০ শিশু ক্ষীণদৃষ্টি সমস্যায় আক্রান্ত ।”

তিনি বলেন, প্রাথমিক অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এদের মধ্যে প্রায় ৭৮ হাজার ৩৬৩ জন এসব সমস্যা থেকে মুক্তি পেত।

চক্ষু বিশেষজ্ঞ এনায়েত বলেন,চোখের বিভিন্ন সমস্যার কারণে স্কুলে শিশুদের পড়ালেখা ও অন্যান্য শিক্ষা কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব পড়ে। চোখের সমস্যার কারণে শিশুরা ক্লাসে মনোযোগ হারায়,নিজেকে গুটিয়ে ফেলে।

“সময়মতো শিশুকে চশমা ও অন্যান্য চিকিৎসা সঠিকভাবে দিলে শিশুর দৃষ্টিশক্তি হারানোর মতো ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা পাওয়া সম্ভব।”

“সময়মতো যথাযথ ব্যবস্থা না নিলে অন্ধত্ব ও ক্ষীণদৃষ্টির কারণে শিশুরা পড়াশোনা এবং পরবর্তীতে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ে, অনেক সময় তারা সামাজিক বিচ্ছিন্নতা এবং অধিক দারিদ্রের কবলেও পড়ে,” বলেন তিনি।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর চিকিৎসক মুনীর আহমেদ, পরিচালক (প্রোগ্রাম) মোহাম্মদ আলাউদ্দিন ও সমন্বয়ক চিকিৎসক নাহিদ ফেরদৌসী এবং বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা।

কর্মশালার শেষ ভাগে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন অরবিস বাংলাদেশের নিজস্ব চক্ষু চিকিৎসক লুৎফুল হোসাইন।